ছাত্রজীবনেই আত্মনির্ভরশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তিপরীক্ষা থেকে আজ অবধি প্রথম স্থানটিকে নিজের করে রেখেছেন চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী সোমা সুরভী জান্নাত। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করে সুরভী এখন আত্মনির্ভরশীল। ইভেন্ট ম্যানেজমেন্টকে বর্তমান কাজের ক্ষেত্র করে নিয়েছেন তিনি। পরিবার থেকে কোনো বাধা আসেনি? জানতে চাইলে অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থী সুরভী বলেন, ‘মা-বাবা দুজনই প্রথমে বেশ খেপে গিয়েছিলেন। মা মনে করতেন, শুধু যাদের অর্থনৈতিক টানাপোড়েন থাকে, তারাই পড়ালেখার পাশাপাশি আয়ের পথে ছোটে। তাঁদের ভয় ছিল, অকারণে সময় নষ্ট করে আমি যদি রেজাল্ট খারাপ করি।’তবে এখন সুরভীকে নিয়ে তাঁর মা-বাবার মন খারাপ নেই। কারণ, সুরভী অকারণে কোনো সময় নষ্ট করেননি। বরং অলস সময়গুলোকে কাজে লাগিয়েছেন। সময়ের সদ্ব্যবহার ও পরিশ্রম—এ দুইয়ের ফলেই এখন আত্মনির্ভরশীল। চারুকলা অনুষদের ছাত্রীরা কখনো পরনির্ভরশীল হয় না, বলছিলেন মৃৎ শিল্প বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্মিতা দাশ। গল্পে গল্পে জানা গেল তাঁর আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনিটি। স্মিতা চারুকলায় তখন সবে ভর্তি হয়েছেন। হঠাৎ এক প্রতিবেশী তাঁর দুটো ছেলেমেয়েকে নিয়ে এলেন স্মিতাদের বাড়িতে।্র প্রতিবেশীর খুব শখ, তাঁর ছেলেমেয়ে দুটি ছবি আঁকতে শিখুক। প্রতিবেশীর শখ পূরণের গুরুদায়িত্ব পড়ল স্মিতার ওপর। সেই থেকেই শুরু। আঁকাআঁকি শেখানোর কাজটিতে বেশ অল্প সময়েই্র সুনাম হয়ে গেল স্মিতার। ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়তে শুরু করল দ্রুতগতিতে। বর্তমানে স্মিতার ছাত্রছাত্রীর সংখ্যা ৩০।ছুটির দিন শুক্রবার। প্রতি সপ্তাহের এ দিনটিতে স্মিতা বেশ ব্যস্ত থাকেন। সেদিন তাঁদের বসার ঘরটা হয়ে যায় ছোট একটা স্কুল। ‘অবসরটুকু কাজে লাগিয়ে এখন আমি স্বনির্ভর। নিজের উপার্জনের অর্থ দিয়ে বাবাকে উপহার দিতে পারি। স্বাধীনভাবে নিজের শখগুলোও পূরণ করতে পারি। এটাই আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি’, বলছিলেন স্মিতা। তিনি গর্বের সঙ্গে জানান, যেকোনো বিষয়েই পড়াশোনা শেষে কর্মজীবনের শুরু হয়। তবে এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিছুটা ব্যতিক্রম। এ অনুষদের শিক্ষার্থীরা শিক্ষাজীবন থেকেই আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়ে থাকেন। চারুকলার শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই। কিন্তু চারুকলার শিক্ষাব্যবস্থাটাই এমন যে হাতে-কলমে কাজের মাধ্যমেই এই লেখাপড়াটা আত্মস্থ করতে হয়। ভবিষ্যতে বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেন তাহমিনা কবীর। প্রাচ্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাহমিনা অনার্স প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হতে না হতেই দেশের একটি খ্যাতনামা ফ্যাশন হাউসে খণ্ডকালীন ডিজাইনার হিসেবে যোগ দেন। চুক্তিভিক্তিক এ চাকরিতে তাঁকে সপ্তাহে ২৪ ঘণ্টা করে সময় দিতে হয়। প্রয়োজন ও সুবিধার সন্ধি রেখে দৈনিকের সময়সূচি তৈরি করেন তিনি। তবে দৈনন্দিন সময়সূচি শ্রেণী কার্যক্রমের অগ্রাধিকার নিশ্চিত থাকে। তাই কর্মক্ষেত্রে বেশ সহজেই মানিয়ে নিয়েছেন তাহমিনা। মৃৎ শিল্প বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুন্নাহার। স্বাধীনচেতা এ মেয়েটির চাকরির গৎ বাঁধা জীবন ভালো লাগে না কখনোই, তাই স্বপ্ন ছিল মৃৎ শিল্প নিয়েই নিজস্ব প্রতিষ্ঠানের। আত্মবিশ্বাস ও অক্লান্ত পরিশ্রমই পূরণ করেছে তাঁর এ স্বপ্ন। ‘মৃৎ সাজ’ প্রতিষ্ঠানটি কামরুন্নাহারের কাছে নিজের সন্তানের মতো। তৃতীয় বর্ষের শুরুতেই কুটিরশিল্পের আকারে শুরু করেছিলেন এই সংগঠনটি। চুক্তিভিত্তিক নানা সরকারি ও বেসরকারি কাজ করে থাকেন তিনি। আত্মবিশ্বাসী কামরুন্নাহার দ্বিতীয় বর্ষে থাকতেই নিজের ও প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স করেছিলেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে আসেন তাঁর পোর্টফোলিও। প্রথমে ছোট ছোট এক-দুটো কাজ করে ধীরে ধীরেই পরিচিতি পায় তাঁর প্রতিষ্ঠানটি। বর্তমানে বিজয় সরণির সামরিক জাদুঘরের দেয়ালের টেরাকোটা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ম্যুরাল, সিলেটে ইবনেসিনা হাসপাতালে টেরাকোটা, প্রাইম ব্যাংকের চট্টগ্রাম শাখার টেরাকোটা, সেনানিবাসে অবস্থিত বিজয় কেতন জাদুঘরের ‘আলোর প্রতিধ্বনি’ নামক মুর‌্যাল চিত্রগুলো তাঁর উল্লেখযোগ্য কাজ। কামরুন্নাহারের মতে, ‘মাস্টার্স পাসের পরই মেয়েদের ওপর বিয়ে ও সংসারের চাপ আসাটা খুবই সহজাত ঘটনা। তাই পড়ালেখা শেষে ব্যবসায়িক কোনো সংগঠন প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে পড়ে। এ কারণে অনার্সের শুরু থেকেই আমি পড়ালেখার পাশাপাশি নিজের স্বপ্ন পূরণে মনযোগী ছিলাম। আমার প্রতিষ্ঠানটি আজ শুধু আমার স্বপ্ন পূরণই করেনি, সুনাম ও অর্থও এনে দিয়েছে।’মৃৎ শিল্প বিভাগেরই শিক্ষক আজাহারুল ইসলাম শেখ। শিক্ষার্থীদের অর্থনৈতিক স্বনির্ভরতাকে বরাবরই উৎ সাহিত করে আসছেন তিনি। তাঁর মতে, পৃথিবীর প্রায় সব দেশেই শিক্ষার্থীদের উপার্জন খুবই স্বাভাবিক বিষয়। পড়ালেখার পাশাপাশি রয়েছে কাজের নানা ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে শিক্ষার্থীদের্র উপার্জনের পথ বলতে মূলত টিউশনিকেই বোঝায়। তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এ ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে শিক্ষার্থীরা সৃজনশীলতা চর্চার মাধ্যমে কাজে লাগাতে পারে। আর সেই সঙ্গে হয়ে ওঠে আত্মনির্ভরশীল।