ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে আজ বুধবার দুপুরে একই সময়ে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যে ১৪৪ ধারা জারি নিয়ে দিনভর মতবিরোধ চলেছে। সকালে পুলিশ ১৪৪ ধারার ঘোষণা দিয়ে উভয় দলের সভা বন্ধ করে দিলেও উপজেলা প্রশাসন তাতে স্বাক্ষর করেনি বলে পুলিশ দাবি করেছে। এদিকে পুলিশের ১৪৪ ধারা ঘোষণা এবং বাধার মুখে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ সভা করতে পারেনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারির সব প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরিস্থিতি অতটা অবনতি না হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়নি।উপজেলা বিএনপির সদস্য সেলিম খান জানান, সাঁথিয়া উপজেলা ছাত্রদল আজ দুপুরে ওই এলাকায় দলের সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ১২ জুলাই উপজেলা ছাত্রদল আতাইকুলা থানার আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ছাত্রদলকে সভা করার অনুমতি দেয়। এদিকে বিকেল থেকে যুবলীগ ও ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা করার ঘোষণা দেয়।ছাত্রদল আজ পূর্বঘোষিত অনুষ্ঠানের কার্যক্রম শুরু করলে পুলিশ অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি হয়েছে বলে জানিয়ে অনুষ্ঠানের মাইক জব্দ করে নিয়ে যায়। এ সময় এলাকার সব দোকানপাটও বন্ধ হয়ে যায়।সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চোধুরী জানান, একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ সভা আহ্বান করে। এতে সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয় দলের নেতা-কর্মীরাই সভার প্রস্তুতি নিতে থাকেন।এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারির জন্য ইউএনওর কাছে আহ্বান জানান। সেই সঙ্গে তাত্ক্ষণিকভাবে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ১৪৪ ধারা জারির কথা বলে সবাইকে ওই এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে ইউএনও ১৪৪ ধারা জারি করেননি।