ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৫, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করা নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে ছাত্রদলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় আধঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।মতিহার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজার নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মিছিল করার উদ্দেশে একত্র হতে থাকেন। এ সময় ছাত্রলীগের শরিফুল ইসলামসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পরে দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। প্রায় আধঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা অভিযোগ করেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু রাজনৈতিক কারণে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম, আহমেদ আলী, এরশাদুল হক ও আবু হুসাইন বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে ক্যাম্পাসে মিছিল করার অপচেষ্টা চালান। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের অপতত্পরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বলে তাঁরা জানান।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি ক্যাম্পাসে মিছিল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ক্যাম্পাসে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।