জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন
ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে শিগগিরই আইন পরিবর্তনে প্রশাসন কাজ করবে—উপাচার্যের এমন আশ্বাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।এর আগে আজ সোমবারও দাবি আদায়ে শিক্ষার্থীরা পুরান ঢাকায় সড়ক অবরোধ করে রাখেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২৮ জনকে আটক করে।এদিকে গতকাল রোববারের ভাঙচুরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা, ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন আহমদ খান, সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি নয়জন পলাতক। এ ছাড়া অজ্ঞাত আরও ৪০০-৫০০ ছাত্রকে আসামি করা হয়েছে।নিজস্ব আয়ে চলতে হবে—জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এমন ধারাটি বাতিলের দাবিতে গতকাল ক্যাম্পাসের আশপাশে ও দোয়েল চত্বরে বিক্ষোভ এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে দ্বিতীয় দিনের মতো আজ আবারও তাঁরা বিক্ষোভ করেন।আজ দুপুরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় উপাচার্য কোনোক্রমেই বেতন-ভাতা না বাড়ানোসহ আইন সংশোধন, বেদখল হল উদ্ধার ও আটক হওয়া ছাত্রদের ছাড়িয়ে আনার আশ্বাস দেন।ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, উপাচার্যের আশ্বাসের পর শিক্ষার্থীরা কাল মঙ্গলবার ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে শিক্ষামন্ত্রী নিজে ফোন করে সার্বিক পরিস্থিতি শুনেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তিনি নিজে বিষয়টি সমাধান করতে আলোচনা করবেন।