ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগে ঢুকে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপকর্ম করে কেউ ছাত্রলীগের বদনাম করলে কোনোভাবেই তা বরদাশত করা হবে না। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, সব সময় ক্ষমতাসীন দলে থাকার অভ্যাস যাদের, এমন অনেকে এবং ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা এখন ছাত্রলীগে ঢুকে পড়েছে। ছাত্রলীগের অনেকেই দলাদলির জন্য তাদের দলে টানে। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা হয়।শেখ হাসিনা বলেন, আজকে অনেকেই রাজনীতি করেন পয়সা কামানোর জন্য। রাজনীতির মাধ্যমে তাঁরা বিলাসিতায় গা ভাসিয়ে দেন। কিন্তু রাজনীতি করতে হয় মানুষের সেবার জন্য। তিনি বলেন, ‘দেশের কাজের জন্য, সংগঠনের জন্য আমার মা তাঁর গয়না বিক্রি করে দিয়েছেন। ঘরের ফ্রিজ বিক্রি করে দিয়েছেন। আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন। আমি ও শেখ রেহানাও আমাদের সন্তানদের বলেছি, তোমাদের লেখাপড়া শিখিয়েছি। তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না।’প্রধানমন্ত্রী বলেন, স্বৈরশাসকেরা এ দেশের ছাত্ররাজনীতি নষ্ট করেছেন। জিয়া ও এরশাদ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। কিন্তু ছাত্রলীগের অতীত ঐতিহ্য আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস জড়িত। কাজেই নীতি ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সবার ছাত্রলীগ করা উচিত। ১৯৭১ সালের পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরাজিতরা এখনো ষড়যন্ত্র করছে।আলোচনা শুরুর আগে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনের যেসব নেতা মারা গেছেন তাঁদের এবং ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বাংলাদেশের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো একজন নেতা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে তাঁকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু সংগ্রাম করে একটি দেশকে স্বাধীন করেছেন।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জীবনদর্শন নিয়ে বেশি করে গবেষণা হওয়া দরকার। তিনি বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, বঙ্গবন্ধুকে হত্যার যে পাপ, সেই পাপের দায় থেকে বাঙালি কোনো দিন মুক্ত হতে পারবে না। তবে হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে কিছুটা পাপ মোচন হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা বানু বলেন, ফজিলাতুন্নেছা আজীবন বঙ্গবন্ধুর পাশে ছিলেন। তাঁর অবদানের কারণেই বঙ্গবন্ধু জাতির জনক হতে পেরেছিলেন। কিন্তু পুরুষতান্ত্রিক এই সমাজে তাঁর সেই অবদানের কথা সেভাবে উঠে আসেনি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান। সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী। সভায় মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, আওয়ামী লীগের নেতারা এবং ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা যোগ দেন।