ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শেষে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রথম আলোর ফটো সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।সংঘর্ষ চলাকালে দুই দলের কর্মীরা ব্যানারের বাঁশ নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় পুলিশ লাঠিপেটা ও তিনটি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি এখন শান্ত বলে জানা গেছে।বিকেলে সমাবেশের শুরুতে মঞ্চের একেবারে সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অবস্থান নেন। পরে ছাত্রদল জায়গা না পাওয়ায় তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সমাবেশে শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।আজকের সমাবেশে প্রধান বিরোধী দল বিএনপি দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে গাজীপুরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে আগামী ১২ মে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ; জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ১৮ মে জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ; সালাউদ্দিন কাদের চৌধুরী ও নাসির উদ্দিন পিন্টুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৪ মে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কর্মসূচি ঘোষণা করেন।মির্জা ফখরুল আরও বলেন, ৩০ মে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত ১১ দিন কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মাজার জিয়ারত, সভা-সমাবেশ প্রভৃতি।প্রথম আলোর ফটো সাংবাদিক আহত: বিএনপির সমাবেশ চলার সময় দুই দলের সংঘর্ষে প্রথম আলোর ফটো সাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল আহত হন। তিনি জানান, মঞ্চের পশ্চিম পাশে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হচ্ছিল। এ সময় সঙ্গে ক্যামেরা থাকায় বিএনপির কর্মীরা তাঁকে ‘ছবি কেন তুলছেন?’ বলে হুমকি দেয়।কল্লোল জানান, তারা কোমরে লাথি মারে ও ক্যামেরা ধরে টানাটানি করে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। তিনি হাতে ও চোয়ালে আঘাত পান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে বলে কল্লোল জানান।