ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার ছাত্রদলের কর্মীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় নয়জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ বর্জন করেছে ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি। ছাত্রলীগের মারধরে আহত ছাত্রদলের কর্মীরা হলেন: আব্বাস আলী, সোহাগ খান, রুহুল আমিন, মিজানুর রহমান, মাহমুদুল হক, আবু বকর সিদ্দিকী, মাহফুজুর রহমান, রওনাকুল ইসলাম ও সাফায়েত হোসেন।বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল এই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারের দাবি করেছে। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকিও দিয়েছে তারা। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ১০ জন নেতার একটি তালিকা পাঠায় ছাত্রদল। উপাচার্য সৌজন্য সাক্ষাতের সময় দেন আজ বেলা দুইটায়। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া বলেন, নেতারা সাক্ষাত্ করতে যাওয়ার আগেই ছাত্রদলের যাঁরা ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষার জন্য গিয়েছিলেন, ছাত্রলীগের নেত-কার্মীরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ছাত্রলীগ ও উপাচার্যের বিরুদ্ধে রাজনৈতিক সৌজন্যবোধ ভঙ্গ করার অভিযোগ এনে সৌজন্য সাক্ষাত্ বর্জনের ঘোষণা দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে আসবেন—এ খবর পেয়ে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে জড়ো হন। দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নেন উপাচার্যের কার্যালয়ের সামনে। এ সময় সেখানে ছাত্রদলের কয়েকজন কর্মীকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের কর্মীদের ওপর ছাত্রলীগের নেত-কর্মীদের হামলার খবর শুনে উপাচার্যের সঙ্গে সাক্ষাত্ করতে আসা ছাত্রদলের নেতারা আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাননি। তাঁরা ক্যাম্পাসসংলগ্ন হাইকোর্টের সামনে থেকে ফিরে যান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ঘটনা তদন্তে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ উপাচার্য বলেন, ‘নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ছাত্রদলের নেতাদের সাক্ষাত্ করার জন্য ডেকেছি। কিন্তু নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও তারা আসেনি।’ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে অছাত্রদের নিয়ে জড়ো হচ্ছিল। ঘটনার সঙ্গে কর্মী পর্যায়ের কেউ জড়িত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’