ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, ছাত্রদলের সভাপতিসহ আটক ৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে আজ বৃহস্পতিবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় দলের নেতা-কর্মী ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুকসহ নয় নেতা-কর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকল প্রকার মিছিল, সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। শিক্ষকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানায় সমাবেশে বক্তারা। পরে আবারও বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনের সামনে দিয়ে আইন অনুষদের দিকে যাচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকে অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে ছাত্রদলের নেতা-কর্মীরা। অ্যাম্বুলেন্সের চার যাত্রী আহত হন। আহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি এস এম রনি, নিউএজ এর প্রতিনিধি আব্দুল কাদেরসহ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। আহতরা কুষ্টিয়ার সদর হাসপাতাল থেকে চিকিত্সা নিয়েছেন। দুপুর ১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকে প্রশাসন ভবনের দিকে আসতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা আবারও তাদের ধাওয়া দেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের পেছনে রাখা চারটি বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও চার রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও ইটপাটকেলের আঘাতে অন্তত ৩৬ জন নেতা-কর্মী আহত হন। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তৌফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, মিজানুর রহমান, কাসেম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবু, ছাত্রলীগ নেতা মিজানুর রহমানসহ ছাত্রলীগের ২০জন নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষে ঘটনায় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সৌরভ, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম সম্পাদক মো. সাব্বিরসহ ১৬জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের সদর হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সংঘর্ষের সময় ছাত্রলীগের এক কর্মী পুলিশের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি চালায়। পরে পুলিশ তা উদ্ধার করে।এদিকে সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডরমিটরিতে আশ্রয় নেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা ডর্মিটরীর বাইরে অবস্থান নেয়। এ অবস্থায় কুষ্টিয়া জেলা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ডর্মিটরীর ভেতরে ঢুকলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে চলে যায়। পুলিশ ডর্মিটরীর ভেতর থেকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুকসহ ছাত্রদলের নয় নেতা-কর্মীকে আটক করেছে। ছাত্রদলের বাকি নেতারা হলেন—সহ সাধারণ সম্পাদক মো. রিপন, সহ ক্রীড়া সম্পাদক মো. আরিফ, ছাত্রদল নেতা মনির, মাহতাব, আনিস, আমিরুল ও হাসান। তাদের বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিশ্ববিদ্যালয় থানার এসআই মনোজিত্ কুমার।ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের অচলাবস্থা এবং শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। আমরা তা প্রতিরোধের চেষ্টা করেছি। ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা ছাত্রলীগ নেতা-কর্মীরা ঘটিয়েছে। ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।’ এদিকে ছাত্রদল নেতা-কর্মীদের আটকের ব্যাপারে তিনি বলেন, ‘অবিলম্বে যদি ছাত্রদলের সভাপতিসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হয় তবে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’ ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘ছাত্রলীগের শান্তিপূর্ণ অবস্থানের উপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষেই আজকের এই ঘটনা ঘটিয়েছে।’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছে। তবে সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এ ব্যাপারে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, ‘সার্বিকভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’ অ্যাম্বুলেন্সের চালক মোবারক আলীর ভাষ্যমতে, দুপুর ১২টার কয়েক মিনিট আগে অসুস্থ এক ছাত্রীকে বহন করে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেন। ক্যাম্পাসের দ্বিতীয় ফটকের সামনে পৌঁছার পর ছাত্রদলের প্রায় ৩০-৪০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অ্যাম্বুলেন্সে হামলা করেন। পরে ওই ছাত্রীকে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শটগান কেড়ে নেওয়ার বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।