ছাত্রদল নেতা মিজান আশঙ্কামুক্ত
গতকাল রাতে রাজধানীর কলাবাগানে গুলিবিদ্ধ ছাত্রদলের নেতা মিজানুর রহমান (৩০) এখন আশঙ্কামুক্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকালে অস্ত্রোপচারের পর মিজানকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কলাবাগান থানার পুলিশ জানায়, মিজানের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মিজানকে গুলি করার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। তাঁর ছোট বোন শারমিন সুলতানা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার ভাই গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় জানিয়েছে, স্থানীয় যুবলীগের কর্মী মইন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা চালিয়েছে। আমার আরেক ভাই মঞ্জুরুল রাশেদ সজীব আজ এ ঘটনায় মামলা করবেন।’শারমিন জানান, অস্ত্রোপচার হলেও মিজানের বাঁ পাঁজর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। চিকিত্সকেরা জানান, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পরে গুলি বের করা হবে।মিজানের ওপর হামলার পর গতকাল রাতেই ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালানো হয় বলে জানান কলাবাগান থানার পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, মিজানের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কিছু দিন আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।গতকাল রাতে নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে কলাবাগান স্টাফ কোয়ার্টারের প্রধান ফটকে গুলিবিদ্ধ হন ছাত্রদলের নেতা মিজানুর রহমান।