ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে লালমনিরহাটে অর্ধদিবস হরতাল পালিত
লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে পরশ হত্যার প্রতিবাদে জেলা ছাত্রদল আজ শনিবার অর্ধদিবস হরতাল পালন করেছে। হরতালের সমর্থনে পৌর এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে। বেলা দুইটায় হরতাল শেষে লালমনিরহাট পৌরসভার প্রাণকেন্দ্র মিশন মোড়ে একটি প্রতিবাদ সভাও করেছে জেলা ছাত্রদল। এ সময় পৌর এলাকার অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং লালমনিরহাট-রংপুর মহাসড়কেও যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা পরশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হরতালের সময় যাতে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছিল।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে পুলিশ একটি ধানখেত থেকে পরশের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।