ছাত্রদল নেতার বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুত্ বিভাগে ৪২ লাখ টাকার একটি কাজের দরপত্র জমা দিতে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ সময় ঠিকাদারদের সাহায্যে এগিয়ে আসায় লাঞ্ছিত হয়েছেন মেয়রের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম। লোকজন চলে আসায় ছাত্রদলের সাবেক ওই নেতা সরে পড়লে ঠিকাদারেরা দরপত্র জমা দেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।জানা যায়, হালিশহরে একটি বিদ্যুত্ উপকেন্দ্রে সরঞ্জাম সরবরাহ ও স্থাপন কাজের জন্য দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল আজ। দরপত্র জমা দেওয়ার বাক্স ছিল নগর ভবনের তৃতীয় তলায়। এ কাজের জন্য মোট ২৫টি আবেদনপত্র বিক্রি হয়।কয়েকজন ঠিকাদার জানান, এ কাজ নিয়ে সমঝোতার লক্ষ্যে গতকাল বুধবার রাতে শওকত হোসেন নামের এক ঠিকাদারের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে একপক্ষ আবেদনপত্র যাঁরা কিনেছেন, তাঁদের দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব করে। তবে জেলার চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ঠিকাদারদের পক্ষে চার লাখ টাকা দাবি করেন। অন্যপক্ষ তা দিতে অপারগতা জানালে সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয় এবং সবাই দরপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।ওই ঠিকাদারেরা জানান, কিন্তু আজ সকালে হঠাত্ সাইফুল সমঝোতার প্রস্তাবকারীদের পক্ষে অবস্থান নেন এবং ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেন। সাইফুলদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ঠিকাদারেরা বিষয়টি মেয়র কার্যালয়ে জানান। বেলা পৌনে ১২টার দিকে মেয়রের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম তৃতীয় তলায় গিয়ে ঠিকাদারদের কাছ থেকে দরপত্র নিয়ে নির্ধারিত বাক্সে ফেলার উদ্যোগ নেন। এ সময় সাইফুল তাঁকে ধাক্কা দেন এবং তাঁর হাত থেকে দরপত্র কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। নিজেকে ছাত্রদলের নেতা দাবি করা শাহাব উদ্দিন এ সময় রহিমকে উদ্দেশ করে গালিগালাজ করেন। শোরগোল শুনে সেখানে লোকজন ভিড় করলে সাইফুল ও শাহাব উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ঠিকাদারেরা দরপত্র জমা দেন এবং আটটি দরপত্র জমা হয়। পরে সিটি করপোরেশনের সচিবের কক্ষে দরপত্র বাক্স খোলা হয়। ৩০ লাখ ৯৮ হাজার টাকা দরপ্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয় শওকত হোসেনের সিকদার ট্রেডার্স।জানা গেছে, ছাত্রদলে শাহাব উদ্দিনের কোনো পদ নেই। তিনি মাহমুদা বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।সাইফুল নিজেকে ঠিকাদার দাবি করে প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেছেন, কেউ যেন দরপত্র জমা দিতে না পারে। এ জন্য আমি বাধা দিয়েছি।’তবে ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে ফরম জমা দিতে নিষেধ করিনি। যারা এসব বলছে, তাদের আমি চিনিও না।’জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘গত এক বছরে সিটি করপোরেশনে কোনো দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো কাজ হতে দেব না।’