ছাত্রদল সভাপতি গ্রেপ্তার, রিমান্ডে
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে (টুকু) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।সুলতান সালাউদ্দিনের স্ত্রী সায়মা জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাদা পোশাকের একদল পুলিশ গুলশানে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেছেন, বিভিন্ন হরতালে গাড়িতে আগুনসহ বিস্ফোরক আইনে করা মামলায় তিনি আসামি। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান গতকাল বিকেল চারটায় সুলতান সালাউদ্দিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন। এরপর রমনা থানায় দায়ের করা ফারুক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।ঢাকা মহানগর হাকিম তানভীর আহমেদ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে বলেন এবং জামিনের আবেদন নাকচ করে দেন।গত বছরের ২৬ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারের রেলক্রসিংয়ে দুর্বৃৃত্তরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি গাড়ির যাত্রী ফারুক মারা যান। এ ঘটনায় ওই দিনই রমনা থানায় মামলা হয়।ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান সভাপতিসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান। তাঁর ভাই জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।