ছাত্রদলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিএনপি নেতারা তিন ধারায় বিভক্ত
ছাত্রদলে দ্বন্দ্বের নেপথ্যে বিএনপি নেতারা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে প্রশ্ন করা হয়, ছাত্রদলের অবস্থা কী? জবাবে প্রথম আলোকে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) আর ভাইয়েরাই ভালো জানেন।’ আগামী কমিটিতে কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘দেখি, ভাই কোন পদ দেন।’ছাত্রদলের প্রভাবশালী এই নেতার মতে, ছাত্রদলের নেতৃত্ব সংগঠনের নেতা-কর্মীরা যেমন ঠিক করেন না, তেমনি এর দ্বন্দ্বের নেপথ্যেও তাঁরা নন। এসব কিছুর নেপথ্যে থাকেন ভাইয়েরা, অর্থাৎ মূল দল বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা।ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এবং বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেও জানা গেছে, বিএনপির কয়েকজন নেতা দলে নিজেদের ক্ষমতা, প্রতিপত্তি বজায় রাখার জন্য ছাত্রদলকে হাতে রাখতে ও ব্যবহার করতে চান। এই নেতারা তিন ধারার হওয়ায় ছাত্রদলেও সৃষ্টি হয়েছে একাধিক পক্ষ, অন্তর্দ্বন্দ্ব ও অন্তর্কোন্দল। অর্থাৎ বিএনপির নেতাদের প্রভাব বিস্তারের চেষ্টার কারণে দ্বন্দ্বে ঘুরপাক খাচ্ছে ছাত্রদল। আর ছাত্রদলের নেতারাও সাংগঠনিক কাজে সময় না দিয়ে পদ পাওয়ার আশায় ব্যস্ত থাকছেন বিএনপির এই নেতাদের পেছনে। ফলে বৃহৎ এই ছাত্রসংগঠনটি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।ছাত্রদলের সূত্র জানায়, বিএনপির কয়েকজন নেতা ছাত্রদলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তিনটি ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। এগুলোর নেতৃত্বে আছেন যথাক্রমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।ছাত্রদলের অন্তর্দ্বন্দ্বের কারণে গত ২১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর হয়। এ ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিএনপির নেতারা উপলব্ধি করেন, ছাত্রদলে মূল দলের কিছু নেতার প্রভাব ব্যাপক। এসব নেতার হস্তক্ষেপ থেকে ছাত্রদলকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।ওই ভাঙচুরের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ছাত্রদলের সমস্যা অনুসন্ধানে এক সদস্যের কমিটি কাজ শুরু করেছে। এই কমিটিতে আছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান।শামসুজ্জামান গত সোমবার প্রথম আলোকে বলেন, মূল দলে নিজেদের শক্তি-সামর্থ্য দেখাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্রদলকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সাম্প্রতিক কিছু ঘটনার পর দলীয় চেয়ারপারসন ছাত্রদলের সমস্যা চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুঁজে দেখছি, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ ছাত্রদলকে ধ্বংস করছে কি না। আপাতত বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলছি। সমস্যা চিহ্নিত করতে সময় লাগবে।’তিন ধারায় যাঁরা আছেন: সূত্র জানায়, ছাত্রদলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মির্জা আব্বাসের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এঁদের পক্ষের ছাত্রনেতাদের সমর্থন করতেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য কারাবন্দী সালাউদ্দিন কাদের চৌধুরী।বিএনপির এই ধারার নেতাদের পক্ষে আছেন নুরুল ইসলাম, আবদুল কাদের ভুঁইয়া, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশিদসহ বরিশাল অঞ্চল ও ঢাকা মহানগরের ছাত্রনেতারা।তবে ছাত্রদলের শক্তিশালী অংশ নিয়ন্ত্রণ করেন সংগঠনের সাবেক নেতা ও ডাকসু ভিপি আমানউল্লাহ। তাঁর সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির। ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার এই ধারার পক্ষের।ছাত্রদলের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করেন বিএনপির নোয়াখালী অঞ্চলের নেতারা। বিএনপি নেতাদের এই ধারায় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লা প্রমুখ। এই ধারার পক্ষে আছেন বজলুর রশিদ আবেদসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ছাত্রদলের নেতারা।ভাঙচুরে জড়িত নুরুল ও কাদের: বিএনপি নিশ্চিত হয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ে ওই ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের নেতা নুরুল ইসলাম ও আবদুল কাদের ভুঁইয়া জড়িত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দুজন সম্পর্কে প্রথম আলোকে বলেন, এঁরা বিএনপি বা এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নন।অনুসন্ধানে জানা যায়, প্রয়াত খোন্দকার দেলোয়ার ও সালাউদ্দিন কাদের চৌধুরী এ বছরের জানুয়ারি মাসে নুরুল ও কাদেরকে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি।বিএনপির একজন প্রভাবশালী নেতা বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর সরকারের মদদে হয়েছে বলে তাঁরা জেনেছেন। ওই ঘটনায় নুরুল জড়িত। নুরুলকে দিয়ে ওই ঘটনা ঘটানোর পেছনে দলের কোনো নেতার হাত থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।বিএনপির ওই নেতা বলেন, বিএনপির নেতারা অনেক সময় নিজেদের কাজে ছাত্রদলের নেতাদের ব্যবহার করেন। এবারও এমন হয়ে থাকতে পারে।কমিটি হচ্ছে না কেন্দ্রীয় নেতাদের কারণে: জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটি গঠন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু কমিটি হলে ছাত্রদলে আমানউল্লাহর প্রভাব কমে যেত। প্রভাব বাড়ত মির্জা আব্বাস ও এ্যানির।ঢাকা জেলার রাজনীতিতে গয়েশ্বর ও আমানউল্লাহর দ্বন্দ্ব পুরোনো। ছাত্রদলে নিয়ন্ত্রণ রাখতে না পারলে আমানউল্লাহ কিছুটা হলেও পিছিয়ে যেতেন। মূলত এ কারণে ছাত্রদলের কমিটি গঠন ঠেকাতে তিনি ভূমিকা রাখেন।বিএনপির এক নেতা বলেন, দলে আলোচনা রয়েছে যে ছাত্রদলের কমিটি গঠন পেছাতে সুলতান সালাউদ্দিনকে গ্রেপ্তার করানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা, সভাপতি ছাড়া কমিটি গঠন সম্ভব নয়।এ বিষয়ে আমানউল্লাহ বলেন, ‘আমার কারণে ছাত্রদলে কোনো সমস্যা তৈরি হয়নি। সাবেক ছাত্রনেতা হিসেবে ছাত্রদলের বর্তমান নেতা-কর্মীদের সময়ে সময়ে পরামর্শ দেই। সংগঠনটি যেন স্বকীয়তা নিয়ে চলতে পারে, সে ব্যাপারে কিছু করার থাকলে চেষ্টা করি।’শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে সংগঠনটি দেখভালের দায়িত্ব চেয়ারপারসন আমাকে দিয়েছেন। এখানে আঞ্চলিকতার বিষয়ে যে দোষারোপ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।’ তিনি বলেন, বিভিন্ন সমস্যা খতিয়ে দেখা হচ্ছে। চেয়ারপারসন এগুলোর সমাধান করবেন।