ছাত্রদলের অন্তর্কোন্দলে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট অনাকাঙ্ক্ষিত: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, গত এক বছরে বিশ্ববিদ্যালয় একদিনের জন্যও বন্ধ ছিল না। কিন্তু একটি সংগঠনের অন্তর্কোন্দলের কারণে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। সম্মেলনে তিনি আরও বলেন, সার্বিক ঘটনা দেখে মনে হয়েছে, এই সংঘর্ষের ঘটনা পরিকল্পিত। রোববার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা আসতে শুরু করে। তারাই পরের দিন সংঘর্ষে জড়িত ছিল।ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে তারা এমন দাবি করতেই পারে। তবে তারা আমার সঙ্গে দেখা করার কথা বলে প্রতারণার আশ্রয় নিয়েছে।আজ বেশির ভাগ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কয়েকটি বিভাগে শিক্ষকদের ক্লাস না নেওয়ার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপাচার্য।