ছাত্রদলের ককটেলে দুই আলোকচিত্র সাংবাদিক আহত
রাজধানীর গেন্ডারিয়ায় আজ বুধবার হরতালকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেলের দুই আলোকচিত্র সাংবাদিক আহত হয়েছেন।আহত সাংবাদিকেরা হলেন এটিএন বাংলার মতিউর রহমান ও দিগন্ত টিভির আশিক ইসলাম। মতিউর রহমান বাঁ পায়ে বেশি আঘাত পেয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানার ছাত্রদল একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা দুটি ককটেল ছোড়েন। এতে বিস্ফোরণ ঘটে ওই দুই আলোকচিত্র সাংবাদিক আহত হন। তাঁদের পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।দিগন্ত টিভির ক্যামেরাম্যান আশিক ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকালে গেন্ডারিয়া এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় অতর্কিতভাবে যানবাহন লক্ষ্য করে দুটি ককটেল ছুঁড়ে মারেন তাঁরা। দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়ে মতিউর রহমান পায়ে ও আশিক ইসলাম বুকে আঘাত পান।ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক লিটন বোস প্রথম আলো ডটকমকে জানান, দুই সাংবাদিককে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। মতিউর রহমানের পায়ে ক্ষত হয়েছে। তাঁর জখমের অবস্থা নির্ণয়ের জন্য পরীক্ষা করে দেখা হচ্ছে।পুরাণ ঢাকার টিপু সুলতান রোডে পৌনে ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি তিনটি অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।