ছাত্রদলের চার নেতা বহিষ্কার
ছাত্রদল শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কেন্দ্রীয় কমিটির তিনজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতাকে বহিষ্কার করেছে।কমিটি থেকে বহিষ্কৃত নেতারা হলেন—কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক শফি মোহাম্মদ খান, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রেজিন ও সহনাট্য সম্পাদক ইকতিয়ার রহমান কবির। এ ছাড়া ইতিপূর্বে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক আকরামুল হাসানের বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম আজ শুক্রবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নতুন কমিটির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় ছাত্রদলের নেতা নুরুল ইসলাম ও আবদুল কাদেরের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বলেছে বিএনপি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম ও সাবেক সমাজসেবা সম্পাদক আহসান উদ্দিন খানকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক করা হয়েছে। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি চিঠিতে তাঁদের বিষয়টি জানিয়েছেন। ২২ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।