আটক নেতার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করলে পুলিশ ছাত্রদলের চারজন কর্মীকে আটক করেছে। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীকে ধরে পুলিশে দিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল হরতাল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনকে রাজধানীর কাকরাইল থেকে পুলিশ আটক করে। তাঁর মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে বাধা দিলে শহীদ মিনার এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আশরাফ মামুন ও রবিনসহ চারজনকে আটক। এরপর ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা আরাফাত আলী নামের এক শিবির কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহাও বিষয়টি নিশ্চিত করেছেন।