ছাত্রদলের দুই কর্মী পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সরকারি বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৯) ও ফরিদ আহম্মেদ (২৭) নামের দুই যুবককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত শুক্রবার চাঁদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁরা চাঁদপুরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। স্থানীয় ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি জানান, ২০০৮ সালে চাঁদপুর সরকারি কলেজে ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি করা হয়। তবে এক দিন পর তা বিলুপ্ত করা হয়। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন রফিকুল। অপরদিকে ফরিদ চাঁদপুর সদর থানা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের দাবি, রফিকুল ও ফরিদ দুজনই বর্তমানে তেমন সক্রিয় নন। তবে দুজন একসঙ্গেই চলাফেরা করতেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার সকালে চাঁদপুর সদরের কলেজ রোড প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রফিকুল ও ফরিদকে গ্রেপ্তার করা হয়। রফিকুলের বাসা প্রফেসরপাড়ায়। অপরদিকে ফরিদ থাকেন পশ্চিম বাগদী ঢালীর ঘাট এলাকায়। বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন গত ২৮ মে ভোরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে দীপু মনির বাসভবনের ভেতরে তিনটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। বাসার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হলেও এ ঘটনায় কেউ হতাহত হননি। ওই সময় মন্ত্রী দেশের বাইরে থাকলেও তাঁর স্বামী ও দুই সন্তান বাসায় ছিলেন। এ ঘটনায় ওই দিন বিস্ফোরক আইনে রমনা থানায় একটি মামলা হয়। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দুজন ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রীর বাসার আশপাশে অবস্থান করেছিলেন। হামলার পর তাঁরা চাঁদপুর চলে যান। তথ্য ও প্রযুক্তির সাহায্যে ওই দুজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার অভিযানে নামে ডিবি।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের বলেন, রিমান্ডে বিস্তারিত তথ্য জানা যাবে।