প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যাহ্নভোজের খাবার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।একাধিক সূত্র জানায়, আজ ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ চত্বরে মধ্যাহ্নভোজের আয়োজন করে ছাত্রসংগঠনটি। দুপুর সোয়া একটার দিকে ছাত্রদলের বিদ্রোহী পক্ষ সাবেক সহ-সভাপতি শেখ আজিজুর রহমানের কর্মী রাজীব খাবার আনতে গেলে আহ্বায়কের কর্মীরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে আজিজুরের পক্ষের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ওবাইদুর, বাবু, অনিক, রকিসহ ছয়জন আহত হন। পরে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, ‘জুনিয়র কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। তবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’