ছাত্রদলের নেতৃত্বে আবার বয়স্করা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। কিন্তু নতুন কমিটিতেও নিয়মিত ছাত্রদের কারও নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। পুরোনো বয়স্কদের বাদ দিয়ে নতুন বয়স্করা নেতৃত্বে আসছেন বলে দলীয় সূত্রগুলো জানায়। এ নিয়ে সংগঠনটিতে অস্থিরতাও কম নয়।ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ বর্তমান কেন্দ্রীয় কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি পুরোনো। এ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতও কম নয়। সর্বশেষ গত বৃহস্পতিবার ছাত্রদলের একাংশ কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করেছে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বাতিলের দাবিতে।দলীয় সূত্রগুলো জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কারোরই এখন ছাত্রত্ব নেই। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতার বয়স ৪০ থেকে ৪৮ বছরের মধ্যে। এই বয়স্ক নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে সোচ্চার সংগঠনটির একাংশ। সোচ্চার এই অংশটির মধ্য থেকে যাঁরা নতুন নেতৃত্বে আসার চেষ্টা করছেন, তাঁদের বয়সও ৪০-এর ঊর্ধ্বে, তাঁরাও এখন আর ছাত্র নন।ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিএনপির এক নেতা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, পরবর্তী কমিটি ছাত্রদের দিয়ে করার সম্ভাবনা নেই। এমনকি কমিটির জন্য অবিবাহিত ছাত্রদলের নেতাও পাওয়া যাচ্ছে না। ওই নেতা বলেন, বর্তমান কমিটিতে বিভিন্ন পদে আছেন, এমন নেতাদের মধ্য থেকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হবে।সূত্রমতে, ছাত্রদলের পরবর্তী কমিটির সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, বজলুর করিম চৌধুরী আবেদ ও মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশিদ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাছির। তাঁদের মধ্যে কেবল নাছির ও মতিনের বয়স ৪০ বছরের কম। তবে তাঁদের কেউই এখন আর নিয়মিত ছাত্র নন।এই নেতাদের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা হাসান মামুন ও সাইফুল ইসলাম ফিরোজও আছেন নেতৃত্বের প্রতিযোগিতায়।নতুন কমিটি গঠন সম্পর্কে জানতে চাইলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের কাজ চলছে। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জেলে থাকায় কাজটা পিছিয়েছে। তার পরও এ ব্যাপারে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে।সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০০৯ সালের ১ জুলাই ছাত্রদলের বর্তমান কমিটি গঠিত হয়। ছয় মাস মেয়াদের জন্য ওই কমিটি গঠন করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।অপর একটি সূত্র জানায়, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, ওবায়দুল হক নাছির এখন কারাগারে। তাঁদের মধ্যে নাছির ও খোকন নতুন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাই তাঁরা মুক্তি না পাওয়া পর্যন্ত কমিটি গঠন করার সম্ভাবনা কম।দুই নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ: এদিকে ছাত্রদলের বিরাজমান বিশৃঙ্খল অবস্থার মধ্যেই নতুন কমিটির দাবিতে গত বৃহস্পতিবার কিছু নেতা-কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তাঁরা ছাত্রদলের নেতা নুরুল ইসলাম নয়ন ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের অনুসারী বলে নিশ্চিত হয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। এই দুই নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। তাঁদের বয়সও ৪০-এর বেশি।কিন্তু বৃহস্পতিবারের ভাঙচুরের ঘটনায় বিএনপি এই দুজনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। গতকাল বিএনপি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ বহিরাগতদের দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকিয়ে সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করছে। বিএনপিকে বিপর্যস্ত করতে ক্ষমতাসীন গোষ্ঠী নানা অপকৌশল অবলম্বন করে যাচ্ছে। ছাত্রদলের নামধারী আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও নুরুল ইসলাম নয়নের অনুসারীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, ‘আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও নুরুল ইসলাম নয়নের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই।’এদিকে ছাত্রদলের দুই সাবেক নেতা আবদুল হালিম খোকন ও আহসান উদ্দিন খান শিপনকে ছাত্রদলে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা দুজনই এখন থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে সংগঠন থেকে জানানো হয়েছে। ২২ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।অবিবাহিত নেতার সংকট: ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়ার ক্ষেত্রে অবিবাহিত নেতার সংকট দেখা দিয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আগামী কমিটির সম্ভাব্য নেতাদের অধিকাংশই বিবাহিত। নতুন কমিটিতে পদপ্রত্যাশী আমিরুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ১০ বছর আগে বিয়ে করেছেন। তিনি এক মেয়ের জনক। শহীদুল ইসলাম বাবুলও সাত বছর আগে বিয়ে করেছেন, এক সন্তানের জনক। তিনি ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি এক কন্যাসন্তানের বাবা। এ ছাড়া পদপ্রত্যাশী হাবিবুর রশিদ, আবেদ, মতিন ও নাছিরও বিবাহিত।চার নেতা বহিষ্কৃত: বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পরদিন গতকাল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। তাঁরা হলেন কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক শফি মোহাম্মদ খান, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রেজিন এবং সহনাট্য সম্পাদক ইকতিয়ার রহমান কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক আকরামুল হাসান।ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শফি, রেজিন ও ইকতিয়ারকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। আকরামুল হাসানকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিলো, গতকাল তাঁকে দল থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।