ছাত্রদলের বর্ধিত সভা কাল, দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত সভা কাল বুধবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এতে উপস্থিত থাকবেন।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ছাত্রদলকে পুনর্গঠন করে গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে এই সভায়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন। পাশাপাশি সারা দেশে ছাত্রদল পুনর্গঠনের কার্যক্রমের সূচনা করবেন তিনি। পদবঞ্চিতদের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সার্বিক বিষয় নিয়েই আলোচনা হবে।ছাত্রদলের পদবঞ্চিত পক্ষের নেতা আহসানউদ্দিন বলেন, সভায় তাঁদের প্রতিনিধিরা ছাত্রদলের বাস্তব অবস্থা সম্পর্কে চেয়ারপারসনকে জানাবেন।ছাত্রদল সূত্রে জানা গেছে, বর্ধিত সভার জন্য সুলতান সালাউদ্দিনকে আহ্বায়ক করে ব্যবস্থাপনা, অভ্যর্থনা ও শৃঙ্খলা উপকমিটি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে আহ্বায়ক করে আপ্যায়ন উপকমিটি এবং সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলামকে আহ্বায়ক করে দপ্তর উপকমিটি গঠন করা হয়েছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্ধিত সভায় মূলত সংগঠনকে গতিশীল ও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। এখানে জেলা নেতারা তাঁদের নিজস্ব জেলার সাংগঠনিক অবস্থা সম্পর্কে সভায় বক্তব্য দেবেন। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরামর্শ নেবেন।সভায় দেশের ৮৫টি সাংগঠনিক জেলার পাঁচজন করে প্রতিনিধি সভায় অংশ নেবেন। প্রতিটি জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।