বিএনপির নেতা ইলিয়াস আলীর উদ্ধার ও ১৮ দলীয় জোটের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও পুলিশের লাঠিপেটায় অন্তত ২৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে আজ সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শুরু হলে প্রায় ৩০ মিনিট খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরুদ্ধ থাকে। সমাবেশে নেতা-কর্মীরা বক্তব্য দেওয়ার সময় শৈলকুপা থানার পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই মহাসড়কে আটটি বাস ভাঙচুর করে। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিকুর কবির সুমন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, শৈলকুপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিব, বাসযাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ও শেখপাড়ার স্থানীয় একটি ক্লিনিক চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন প্রথম আলো ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।