জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম দিনে গতকাল শনিবার ছাত্রদলের শুভেচ্ছা মিছিলে ধাওয়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা পরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ করেন।এ ছাড়া ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন সংগঠনের চার কর্মী। ছাত্রলীগের এসব ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামের নেতৃত্বে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন এলাকায় পৌঁছায়। এখানে মিছিলকারীদের ধাওয়া দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগের কর্মী। এঁদের হাতে রড, বাঁশ ও লাঠি ছিল। এ সময় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ক্যাম্পাস থেকে বেরিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সাভার থানার পুলিশ সেখান থেকে ছাত্রদল নেতা-কর্মীদের সরিয়ে দিতে যায়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ধামরাই-গুলিস্তান পথের একটি বাসে অগ্নিসংযোগ করে। এদিকে দুপুর দুইটার দিকে ছাত্রলীগের ভর্তি সহায়তা কেন্দ্রে (ভর্তি-ইচ্ছুকদের সহযোগিতার জন্য স্থাপিত) বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ও শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন এলাকায় ছাত্রলীগের ভর্তি সহায়তা কেন্দ্রে শহীদ রফিক-জব্বার হলের ছাত্র ও ছাত্রলীগ এক কর্মীর সঙ্গে ভাসানী হলের নুরনবীর বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে ঘটনাটি উভয় হলের ছাত্রলীগের কর্মীরা জানতে পারেন। উভয় পক্ষ হলের সামনে রড, লোহার পাইপ, বাঁশ ও লাঠি নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ায় রফিক-জব্বার হলের চার কর্মী আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ছাত্রদলকে ধাওয়া ও ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করা হয়। কিন্তু ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা আমাদের ধাওয়া দেন।’ তিনি আরও বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ক্যাম্পাসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শঙ্কা ও ভয়মুক্ত পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রদলের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করেন। এতে ভর্তি-ইচ্ছুকরা আতঙ্কিত হওয়ায় ছাত্রলীগের কর্মীরা তাঁদের (ছাত্রদল) ক্যাম্পাস থেকে বের করে দেন।ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া প্রসঙ্গে রাজিব আহমেদ বলেন, দুজন ছাত্রলীগের কর্মীর মধ্যে তর্ক হয়। পরে বিষয়টি নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা উদ্দ্যেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটিয়েছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ছাত্রদলের নেতা-কর্মীরা বাসে আগুন দিয়েছেন জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়। ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রক্টর তপন কুমার সাহা জানান, অনাকাঙ্ক্ষিত দুটি ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, সবার সঙ্গে কথা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তাঁরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।