ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া, বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করেন। এ সময় ছাত্রদলের তিন নেতা-কর্মী আহত হন। এর জের ধরে বেলা দুইটার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ছয়টি গাড়ি ভাঙচুর করে।ছাত্রদলের আহত তিনজন হলেন বিশ্ববিদ্যালয় শাখার কর্মী তুহিন আলী ও শামীম হোসেন ও যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেন। তখনই ছাত্রদলের তিনজন কর্মী আহত হন।বেলা দুইটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়াগামী চারটি বাস থামিয়ে শিক্ষার্থীদের নামিয়ে দেন। এরপর তাঁরা বাস ভাঙচুর করেন। এতে বাসের চালক, যাত্রীসহ সাতজন আহত হন।অন্যদিকে ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা সোয়া দুইটায় কুষ্টিয়া-ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের সব গাড়ি আটকে দেন। এ সময় তাঁরা ভাঙচুরকারীদের শাস্তির দাবি জানান।ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল, আমরা সাধারণ ছাত্রদের নিয়ে তা প্রতিহত করেছি।’বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহব্বত হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাস ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।