ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর আজ সোমবার বেলা ১১টার দিকে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রায় ১৫০ জন নেতা-কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে তাঁরা সমাবেশ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালান। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মীসহ সাতজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে বিশ্ববদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ও ছাত্রদল কর্মী আবদুল আল নোমনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এর কিছু সময় পর ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় অবস্থান নেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার তাঁদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, বিনা কারণে তাদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার বিচার করা না করলে তাঁরা ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেবেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের অভিযোগ, বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাই তাঁদের প্রতিহত করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।