রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে আজ রোববার হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ছাত্রদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজার নেতৃত্বে নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে টুকিটাকি চত্বরের সামনে এলে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ওই মিছিলে হামলা চালান। এতে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজাসহ ১০ জন আহত হন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা অভিযোগ করে বলেন, ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন দাবি করেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই ছাত্রদলের নেতা-কর্মীরা ওই মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।