ছাত্রদলের সভাপতি এক দিনের রিমান্ডে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুকে বিস্ফোরক দ্রব্যের মামলায় এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। আজ মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহম্মদ শাহজাহান পল্টন থানার বিস্ফোরক মামলায় সালাউদ্দিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড বিষয়ে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সালাউদ্দিনের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।এর আগে সালাউদ্দিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ মামলা ও রমনা থানার ফারুক হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন ৫ জুলাই ভোরে রাজধানীর গুলশানে ভাইয়ের বাসা থেকে টুকুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।