ছাত্রদলের সভাপতি দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক হত্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম তানভীর আহমেদ। আজ মঙ্গলবার পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ওই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছরের ২৬ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারের রেলক্রসিংয়ে দুর্বৃৃত্তরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি গাড়ির যাত্রী ফারুক মারা যান। এ ঘটনায় গত বছরের ২৬ জুন রমনা থানায় মামলা হয়।এর আগে ডিবি পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে গুলশান থেকে সুলতান সালাউদ্দিনকে আটক করে বলে জানান ডিবির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাজীব আহসান আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে গুলশানে ভাইয়ের বাসা থেকে ছাত্রদলের সভাপতিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যান। আজ ভোরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিষয়টি জানতে পারে। হরতালকে সামনে রেখেই তাঁকে আটক করা হয়েছে বলে তাঁরা মনে করছেন।