ছাত্রদলের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে ধানমন্ডি থানায় করা একটি মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জয়নাব বেগম জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে দ্রুত বিচার আইনে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত ৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানিকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। অন্য আসামিরা হলেন ৪৯ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল খায়ের, নিয়াজ মাকদুম ওরফে মাসুম, এস এম মনিরুজ্জামান, নিজামউদ্দিন, এজমল হোসেন, সেলিম, আবুল বাশার, শাহজামান, তৌহিদুল ইসলাম, আবু হানিফ ও রবিউল ইসলাম।মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর বিরোধী দল বিএনপির ডাকা হরতালের সময় ধানমন্ডির স্টার কাবাব হোটেলের সামনে আসামিরা গাড়ি ভাঙচুর করে জনমনে ভীতির সৃষ্টি করে। এ সময় ট্রাফিক সার্জেন্ট আবুল বাশার আকন্দকে মারধর এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই সার্জেন্ট বাদী হয়ে এ মামলা করেন।