ছাত্রদলের সভাপতিসহ ১৭ জনের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন থানার একটি মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ স্থগিত করেছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান দ্রুত বিচার আইনে একটি মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিকেলে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এক আবেদনের মাধ্যমে আদালতকে জানান, ১৭ আসামি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। তাই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে আদেশ দেওয়া হয়েছে, তা স্থগিত করা প্রয়োজন। শুনানি শেষে আদালত পরোয়ানা জারি-সংক্রান্ত আদেশ স্থগিত করেন।গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলা চালিয়ে জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগে পল্টন থানা পুলিশ দ্রুত বিচার আইনে এ মামলা করে। ওই দিন পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে ২৯ ডিসেম্বর ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনসহ ১৭ জন পলাতক থাকায় তদন্ত কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার ও ক্রোকি পরোয়ানা জারি করেন।