ছাত্রদলের ১৩ কর্মী আটক, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা দুই দিনের ধর্মঘটের প্রথম দিনে আজ শনিবার রাজধানীর কয়েকটি স্থান থেকে সংগঠনটির ১৩ কর্মীকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, শাহবাগ, আজিজ সুপার মার্কেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ থেকে আজ ছাত্রদলের ১৩ জন কর্মীকে আটক করা হয়েছে।আটক কর্মীরা হলেন—আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও সূর্যসেন হলের লাবাবুল বাশার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও জহুরুল হক হলের মোহাম্মদ তুষার, ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ও এফ রহমান হলের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও জহুরুল হক হলের মোহাম্মদ জাহিদুল ইসলাম।শাহবাগ থানার ওসি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে আসামি করে পুলিশ বাদী হয়ে আজ মামলা করেছে। আসামিরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সূর্যসেন হল ছাত্রদলের নেতা করিম সরকার।বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিবহন ব্যবস্থাপক কামরুল হাসান প্রথম আলোকে জানান, রাজধানীর দয়াগঞ্জ, স্বামীবাগ ও কাজলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চারটি এবং বিআরসিটির দুটি বাস ভাঙচুর করা হয়েছে। এরপর পরিবহনগুলোর চলাচল বন্ধ রাখা হয়।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, সকালে ধর্মঘটের পক্ষের লোকজন অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের অফিসে তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে বলে তিনি জানান।পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০টি বিভাগের পরীক্ষা হয়েছে। অধিভুক্ত মেডিকেল কলেজের পরীক্ষাও চলছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নাম খালেদা জিয়ার পরিবর্তে কবি বেগম সুফিয়া কামালের নামে করার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকে।