ছাত্রদলের ১৫৮ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারা দেশ থেকে ১৫৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদল বলেছে, গ্রেপ্তার করে মহাসমাবেশের জনস্রোত ঠেকানো যাবে না।ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন বিকেলে প্রথম আলোকে জানান, সারা দেশে তাদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তাঁরা ১৫৮ জনের নাম পেয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জনই ঢাকার। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, দিনাজপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে ১০৮ জনকে। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান এই গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছেন। আজ শনিবার বিকেলে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিয়ে ছাত্রদলকে আন্দোলনবিমুখ করার হীন ষড়যন্ত্রে লিপ্ত সরকার। বিবৃতিতে আটক নেতাদের মুক্তি দাবি করা হয়।