রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে বাসচালক আমিরুল ইসলাম বাদী হয়ে নগরের মতিহার থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১১টার দিকে নগরের মতিহার থানায় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা, যু্্গ্ম আহ্বায়ক তোজাম্মেল হক, সদস্য দেলোয়ার হোসেনসহ ৩০ জন নেতা-কর্মী ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের নামে এই মামলা হয়েছে। বাঘার বাসচালক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। গতকাল সন্ধ্যায় বিনোদপুর থেকে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহাম্মেদ এবং আজ বুধবার সকালে আটক ছাত্রদল কর্মী রাব্বি হাসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা বলেন, তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁরা আহত হয়ে হাসপাতালে ছিলেন। এ সময় গাড়ি ভাঙচুরের ব্যাপারটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় এক বাসচালককে বাদী বানিয়ে তাঁদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।মতিহার থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আটক দুই আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উপাচার্য এম আবদুস সোবহানের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ ব্যাপারে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফোরামের নেতারা সহ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহর কাছে স্মারকলিপি দিয়েছেন।