ছাত্রদলের ৮৫ জেলা কমিটির নেতারা ঘরসংসার করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল আলম ১০ বছর আগে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। বয়স ৪০-এর কাছাকাছি। সাধারণ সম্পাদক মোজাদ্দেদ জামানীও পাঁচ বছর আগে ছাত্রত্ব শেষ করেছেন। সাত বছর আগে এই কমিটির মেয়াদ শেষ হলেও রাজশাহীতে এখন ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন এই দুই নেতা।জামানী প্রথম আলোকে বলেন, এটা ঠিক যে সভাপতির ছাত্রত্ব নেই। তবে তিনি নিজে ছাত্র না হলেও আইন পড়া ও এমবিএ করার সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাফেত মাহমুদ। দুজনেরই ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে দেড় দশক আগে। বয়স ৪০-এর কাছাকাছি।খুলনা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ সাদিকুল ইসলাম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরফরাজ হিরো। দুজনেরই ছাত্রত্ব শেষ হয়েছে আট বছর আগে। দলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সরকারি কর্মকর্তা। সহপ্রচার সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান ইতালী-প্রবাসী। দপ্তর সম্পাদক সামসুল আলম ঢাকার একটি ব্যাংকে চাকরি করছেন। সহসাংস্কৃতিক সম্পাদক মাকসুদ আহমেদ লন্ডন-প্রবাসী। ছাত্রীবিষয়ক সম্পাদক লাভলী খাতুন খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং সহছাত্রীবিষয়ক সম্পাদিকা নুরুন্নাহার ঢাকায় থাকেন। এই দুই নেত্রীই বিবাহিত।খুলনা নগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগর ছাত্রদলের ৮১ সদস্যের কমিটির অধিকাংশেরই ছাত্রত্ব নেই। অনেকে দেশের বাইরে, সরকারি-বেসরকারি চাকরি করছেন। এ অবস্থায় নতুন নেতৃত্ব খুবই প্রয়োজন। বিষয়টি কেন্দ্রকে অনেকবার বলা হয়েছে।একই অবস্থা সারা দেশে। ছাত্রদলের সারা দেশের ৮৫টি জেলা কমিটির কোনোটিতেই নেতৃত্বে নেই ছাত্ররা। ২০০২ সালে তত্কালীন ছাত্রদলের নেতারা এক বছরের জন্য যে কমিটি করে দিয়েছিলেন, এখনো সেই কমিটি দিয়েই চলছে ছাত্রদল। এই কমিটিগুলোর সব নেতার বয়সই চল্লিশের কাছাকাছি। গঠনতন্ত্র অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলো জেলা কমিটি মর্যাদার। সেখানেও একই দুরবস্থা ছাত্রদলের। কোনো বিশ্ববিদ্যালয়েই ছাত্রদলের নেতৃত্বে ছাত্ররা নেই।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শামসুদ্দোহা পারভেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে বর্তমানে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ও হাবিবুর রহমান ২০০৮ সালে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এম আর চৌধুরী ও সাধারণ সম্পাদক ফজলুল রহমান। দুজনেরই ছাত্রত্ব শেষ হয়েছে চার বছর আগে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহসান হাবিব। তিনি বছর দুই আগে বিয়ে করেছেন। ছাত্রত্ব নেই। ক্যাম্পাসেও থাকেন না। বর্তমানে তিনি ঢাকায় আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত। সাধারণ সম্পাদক আনিছুজ্জামানের ছাত্রত্ব নেই। বর্তমানে তিনি দুই সন্তানের জনক, ঢাকায় ব্যবসা করছেন।শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মূল কমিটি নেই, আছে একটি আহ্বায়ক কমিটি। তবে কমিটির আহ্বায়ক আখলাকুর রহমান ও সদস্য সচিব ফুয়াদ আহমদের ছাত্রত্ব নেই।কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মমিনুর রহমান চাকরি করছেন। সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ঢাকায় আইন পেশায় নিয়োজিত। এই কমিটি হয়েছিল ২০০৩ সালে। দুজনেরই বয়স ৩৫-এর কাছাকাছি।একই চিত্র সারা দেশে। জেলা কমিটিগুলোর এই দুরবস্থার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ছাত্রদলের জেলা কমিটিগুলো ছয়-সাত বছর আগে করা হয়েছিল। এগুলোর নেতৃত্বে এখন আর ছাত্ররা নেই। ১৭ ফেব্রুয়ারি দলের একটি বর্ধিত সভা আছে। এই সভার পর সারা দেশে ছাত্রদলের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এ বিষয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। শিগগির সারা দেশের কমিটিগুলো করা হবে। নতুন কমিটি হলে বয়স্ক ও অছাত্ররা থাকবেন না।