ছাত্রদের আন্দোলন হয়ে উঠল সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। বাংলাদেশের ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করে। আগামী একুশে ফেব্রুয়ারি সেই জায়গায়, সেই সময়ে পুনরায় রচনা করা হবে সেই নিয়তি-নির্ধারণী ৩০ মিনিট। ঐতিহাসিক সেই সময়টি বুঝে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন।]গুলিবর্ষণের প্রতিক্রিয়া ছিল অভাবিত। যেমন ছাত্রদের মধ্যে, তেমনি ছাত্র-যুব নেতাদের মধ্যে। যদিও গুলিবর্ষণের সময় শেষোক্তদের অধিকাংশই অকুস্থলে উপস্থিত ছিলেন না। এ আন্দোলন বা প্রতিবাদ-বিক্ষোভ ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। এই প্রতিক্রিয়া যেমন ঝড় তোলে পরিষদ ভবনে উপস্থিত সদস্য অনেকের মধ্যে, তেমনি তোলে ঢাকাইয়া বাসিন্দাদের মধ্যে।তর্কবিতর্কের মধ্যে অধিবেশন বর্জন করে ব্যারাক প্রাঙ্গণে চলে আসেন মুসলিম লীগের সদস্য মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, শামসুদ্দিন আহমদসহ একাধিক সদস্য; সেই সঙ্গে কংগ্রেসের সব সদস্য। তাঁরা ঘুরে ঘুরে দেখেন ব্যারাকের গায়ে গুলির চিহ্ন, রক্তমাখা কাপড়-চোপড়, প্রাঙ্গণের ঘাসে, মাটিতে রক্তের চিহ্ন। আর তর্কবাগীশ কন্ট্রোলরুমের মাইকে পরিষদ ভবনে উপস্থিত সদস্যদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে গিয়ে ক্ষোভে, আবেগে কেঁদে ফেলেন।কিন্তু যে কারণেই হোক, মুখ্যমন্ত্রী নুরুল আমিন ছিলেন অটল। পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা তাঁকে বিচলিত করেনি। তিনি আসেননি শহীদদের ও আহত ব্যক্তিদের একনজর দেখতে। কিন্তু অকুস্থলে ভিড় জমিয়েছিল ঢাকাইয়া জনতা। ক্ষুব্ধ আবেগে ও চোখের জলে তারা সরকারি দুষ্কর্মের প্রতি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল।সেদিন সন্ধ্যায় বৈঠক বসে মেডিকেল ব্যারাকে। মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি গোলাম মাওলাকে সর্বদলীয় পরিষদের অস্থায়ী আহ্বায়ক মনোনীত করা হয়। আন্দোলন পরিচালনার কেন্দ্র হয়ে ওঠে মেডিকেল ব্যারাক। চারুকলার ছাত্ররা যেমন পোস্টার লেখেন, তেমনি মেডিকেল হোস্টেলের কয়েকটি কক্ষের মেঝেতে বসে লাল বর্ণমালার পোস্টার লিখে চলেন কয়েকজন মেডিকেল ছাত্র। পূর্বোক্ত বৈঠকে সিদ্ধান্ত হয় পরদিন লাশ নিয়ে মিছিল করার। আর সেই সিদ্ধান্ত প্রচারিত হতে থাকে কন্ট্রোলরুমের মাইকে।কিন্তু মাঝরাতে পুলিশ হাসপাতাল থেকে শহীদদের লাশ তুলে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরদিন হোস্টেল প্রাঙ্গণে শহীদদের উদ্দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনসমাগম ছিল অভাবিত। শুধু প্রাঙ্গণেই নয়, উত্তরের ও পশ্চিমের রাস্তায় বহু লোক দাঁড়িয়ে থেকে জানাজায় অংশ নেয়। জানাজা শেষে বিশাল এক মিছিল উত্তেজক ধ্বনি দিতে দিতে হোস্টেল প্রাঙ্গণ ত্যাগ করে; এগিয়ে চলে হাইকোর্ট ও কার্জন হলের মধ্যবর্তী রাজপথ ধরে—উপস্থিত সশস্ত্র পুলিশ ও ইপিআর জওয়ানদের ভ্রুকুটি অগ্রাহ্য করে, লাঠিচার্জ ও বেয়নেটের তাড়া অগ্রাহ্য করে।আহমদ রফিক: লেখক, গবেষক, ভাষা-সংগ্রামী।সূত্র: একুশের পটভূমি, একুশের স্মৃতি, সম্পাদনা: মতিউর রহমান, পার্ল পাবলিকেশন্স ও প্রথম আলো।