ছাত্রদের ওপর পুলিশের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। বাংলাদেশের ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করে। আগামী একুশে ফেব্রুয়ারি সেই জায়গায়, সেই সময়ে পুনরায় রচনা করা হবে সেই নিয়তি-নির্ধারণী ৩০ মিনিট। ঐতিহাসিক সেই সময়টি বুঝে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন।]ঠিক হলো, গ্রেপ্তার এড়ানোর জন্য ছাত্রীরা প্রতিটি দলের অগ্রভাগে থাকবেন। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল মতিন কাগজ-কলম নিয়ে নামের তালিকা তৈরি করতে শুরু করলেন। প্রথমে দলগুলোর নাম লেখা গেলেও পরে তা আর সম্ভব হয়নি। সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন; কেউ পুলিশ কর্ডনের লাঠির ওপর দিয়ে, কেউ বা লাঠির নিচ দিয়ে। কিছু ছাত্র বেরোচ্ছিলেন দেয়াল টপকে, কিছু ছাত্র মধুদার ক্যানটিনের পাশ দিয়ে ফোকর গলে।আপসহীন ইস্পাত কঠিন শপথে উদ্বুদ্ধ সংগ্রামী ছাত্রছাত্রীদের আটকায় কে! সাফিয়া আপা, হালিমা ও আমি গেটের কাছে আসি এবং সব ছাত্রী যাতে মিছিলে যোগ দিতে পারেন, সে সুযোগ সৃষ্টিতে সাহায্য করি। সাফিয়া আপা যান লাঠির ওপর দিয়ে, হালিমা লাঠির নিচ দিয়ে। দুটোর কোনোটাই আমার মনঃপূত হলো না। সে জন্য আমি ক্রমাগত ধাক্কা দিয়ে লাঠির কর্ডন সরিয়ে ফেলতে আপ্রাণ চেষ্টা করি এবং কর্ডন ভেদ করে তৃতীয় দলের সঙ্গে মিছিলে যোগ দিই।প্রথম ও দ্বিতীয় দলের ছাত্রছাত্রীদের পুলিশ ট্রাকে তুলে নেয়। আপসহীন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর ধাক্কায় পুলিশ কর্ডন ভেঙে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। আমি নিজেও তার হাত থেকে রেহাই পাইনি। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছাত্রছাত্রীদের মধ্যে ত্রাসের সঞ্চার হয়। কাঁদানে গ্যাসের সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় ছিল না। স্থানটি মুহূর্তে অন্ধকার হয়ে গেল। চোখ জ্বালা করছিল। একটি শেল পড়ে গাজীউল হকের ওপর। আহত গাজীউল হককে ছাত্ররা ধরাধরি করে নিরাপদ স্থানে নিয়ে যান। কাঁদানে গ্যাসের প্রভাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রুমাল ভিজিয়ে আনতে অনেকেই ছুটে যান বেলতলার পুকুরে। কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মধ্যেই আমি ছুটে গেলাম অ্যাসেম্বলি হলের (জগন্নাথ হল) দিকে।নৈরাজ্য সৃষ্টিকারী কিছু ছাত্র মিছিল ভণ্ডুল করে দেওয়ার উদ্দেশ্যে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশের সঙ্গে কিছু ছাত্রছাত্রীও এতে আহত হন।বিকেল প্রায় সাড়ে তিনটায় মিছিল মেডিকেলের মোড়ে পৌঁছালে জেলা প্রশাসক কোরেশীর নির্দেশে পুলিশ অবিরাম গুলি ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গে প্রাণ দেন বরকতসহ আরও অনেকে। মেডিকেলের উল্টো দিকে এস এম হলের প্রভোস্ট এম এ গনির বাড়ি। তাঁর বাড়ির সীমানায় কাঁটাতারের বেড়া। রাস্তার ধারে একটি রেস্তোরাঁ, দু-একটি বইয়ের দোকান ও মুদি দোকান ছিল। রেস্তোরাঁর এক কোণে অনেক ভাঙা রিকশার স্তূপ। বর্তমানে সে স্থানটি শহীদ মিনার। কাঁদানে গ্যাস আর গুলির মধ্যে ঠিক বুঝতে পারছিলাম না, গুলিগুলো আসছে কোন দিক থেকে। তাই দৌড়ে গিয়ে ভাঙা রিকশার অংশের মধ্যে আশ্রয় নিলাম। কিন্তু সে জায়গাটা নিরাপদ মনে হলো না। অনবরত গুলি চলতে থাকল ঠ্যা-ঠ্যা করে। গুলির মধ্যেই কাঁটাতারের বেড়া পার হয়ে গনি সাহেবের বাড়ির ভেতর গিয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিই।অগ্নিসাক্ষী হয়ে বেঁচে থাকার সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর অনুভূতি ব্যক্ত করার ভাষা আমার জানা নেই। ভাঙা রিকশার স্তূপের ওপর চড়ে কাঁটাতারের ওপর দিয়ে লাফ দিলাম। কাঁটাতারের মধ্যে আমার শাড়ি আটকে গেল। কাঁটাতার থেকে কেউ আমার শাড়ি ছাড়িয়ে দিয়েছিলেন। অবিরাম গুলির মধ্যে পেছনে ফিরে তাকিয়ে দেখার মতো সময় ছিল না। আমি আজও জানি না, সেই মহান মানুষটি কে ছিলেন।রওশন আরা বাচ্চু: ভাষাসংগ্রামী।সূত্র: একুশের পটভূমি, একুশের স্মৃতি, সম্পাদনা: মতিউর রহমান, পার্ল পাবলিকেশন্স ও প্রথম আলো