ছাত্রদের জোয়ার ঠেকিয়ে রাখতে পারল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্ন সালে আমি ঢাকায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসের তৃতীয় বর্ষের ছাত্র। ২০ ফেব্রুয়ারি রাতে ছাত্ররা ঘোড়ার গাড়ি করে হরতালের ঘোষণা প্রচার করে যাওয়ার পরপরই সরকারি ভ্যানযোগে ১৪৪ ধারার ঘোষণায় কেমন থমথমে রাস্তাঘাট। বিশ্ববিদ্যালয়ের মাঠে ছাত্ররা নানা স্কুল-কলেজ থেকে এসে জড়ো হয়েছে। রাস্তায় ট্রাকে পুলিশ। আমতলায় তখন তর্কবিতর্ক চলছে ১৪৪ ধারা ভাঙা যাবে কি যাবে না। নদীকে যেমন তার গতিপথ নির্দেশ করে দেওয়া যায় না, তেমনি ছাত্রদের এই জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারল না। ১৪৪ ধারা ভাঙার জন্য ১০ জন করে জড়ো হচ্ছে বাইরে বেরোনোর জন্য। এমন সময় শুরু হলো রাস্তা থেকে কাঁদানে গ্যাস ছোড়া। গ্যাস থেকে বাঁচার জন্য সবার সঙ্গে আমিও বিশ্ববিদ্যালয়ের সামনের পুকুর থেকে রুমাল ভিজিয়েছি। এমন সময় শোনা গেল, মেডিকেল কলেজের ছাত্রাবাসের কাছে বিশ্ববিদ্যালয় অভিমুখী মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ছাত্রাবাসে গন্ডগোল শুরু হয়েছে। সেখানে জড়ো হওয়া ছাত্রদের ওপর লাঠিচার্জ ও সেই সঙ্গে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। গ্যাসে ধোঁয়াটে হয়ে গেছে মেডিকেল কলেজের ছাত্রাবাসের বাতাস, আকাশ। মেডিকেল কলেজের ছাত্ররা কাঁদানে গ্যাসের শেলের ওপর জলভরা কলসি ঢেলে দিচ্ছে। আমরা পাল্টা সেই শেল তুলে নিয়ে কখনো কখনো রাস্তায় পুলিশের দিকে ছুড়ে মারছি। স্লোগান হচ্ছে অনবরত, ‘এমএলেরা বেরিয়ে আসো, সভ্যপদ থেকে পদত্যাগ করো’।বিরামহীন কাঁদানে গ্যাস ছোড়ার পালা শেষ। আমি ও হাসান হাফিজুর রহমান দুজন বসে ছিলাম চার-পাঁচটা ব্যারাক পেরিয়ে, লাল খোয়া রাস্তার একধারে। গুলির শব্দ হলো আচমকা। হঠাত্ দেখলাম, ব্যারাকগুলোর দক্ষিণ পাশ দিয়ে মেডিকেল কলেজের প্রাচীর ঘেঁষে একটা চলন্ত জটলা। ছুটে গেলাম সেদিকে। গুলিবিদ্ধ ছাত্রটির সারা চোখেমুখে বৃষ্টির বড় বড় ফোঁটার মতো ঘাম, শরীর থেকে জলের মতো ঝরঝর করে রক্ত পড়ছে সবুজ ঘাসের ওপর। আমি তাকে অন্যদের সঙ্গে ধরেছি। একসময় সে চোখ তুলে তাকাল। একটা ছোট্ট শিশুর নামতা পড়ার মতো করে বলল, ‘আমার নাম আবুল বরকত, বিষ্ণুপ্রিয়া ভবন, ...পল্টন লাইন।’ পরমূহূর্তে জবাই করা মুরগির মতো হাঁ করে জিভ কাঁপিয়ে ফিসফিস করে বলল, ‘পানি পানি।’ বাঁ হাত দিয়ে মৃদুভাবে ধরেছি তার পিঠ, আমার ডান হাতখানা তার বুকের ওপর। সে হাতে কাঁদানে গ্যাস থেকে বাঁচার জন্য ভেজানো রুমাল, মুখের ঘাম মোছায় নোংরাও। ভাবলাম, কী করব। জিভ কাঁপছে অনবরত খোলা মুখের ভেতর। মনে দ্বিধা, একধরনের অপরাধবোধ—তা সরিয়ে রেখে নিংড়িয়ে দিলাম হাতের রুমাল। হাসপাতালের ভেতর নিয়ে যেতেই যেসব ছাত্র গ্যাস বা লাঠির আঘাতে আহত তারা ব্যতিব্যস্ত হয়ে বলল, ‘ওকে দেখুন আগে, ওকে দেখুন।’ সেখান থেকে বেরোনোর জন্য ঘুরে দাঁড়াতেই দেখলাম ক্যানভাসের স্ট্রেচারে একজনকে। মাথার খুলির ওপরটা একেবারেই নেই। মগজ স্ট্রেচারের মাথার কাছে তুলে রাখা। শুকনো ঘাস সেখানে লেগে রয়েছে। আর দেখলাম, ডান পায়ের গোড়ালি গুলিতে ফাটা বাঁশের মতো ফাঁক হয়ে রয়েছে। বছরখানেক আগে ডা. আহমদ রফিক আমাকে জানান, সেই ব্যক্তি ছিলেন জব্বার।একুশে ফেব্রুয়ারি আন্দোলনের ওপর তাত্ক্ষণিক ‘রক্তাক্ত একুশে’ বলে একটা লিনোকাট করি এবং ’৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থের জন্য কিছু কালি-কলমে স্কেচ করি। তবে ২৬ ফেব্রুয়ারিতে শহীদ স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার ওপর ‘পারবে না বলে’ একটি কবিতা লিখি, যা দুই মাস পরে বৈশাখ ১৩৫৯ সালে পশ্চিমবঙ্গে কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত পরিচয় পত্রিকায় ছাপা হয়। একুশে ফেব্রুয়ারি শুধু ভাষার দাবির আন্দোলন ছিল না, ছিল বাঙালি জাতির অস্তিত্বের লড়াই। সেই সংগ্রামী চেতনা আজ লুপ্ত। একুশে ফেব্রুয়ারির কথা শুধু মনে জেগে থাকে ফেব্রুয়ারি মাস এলেই। তারপর আকাশ-সংস্কৃতির আগ্রাসনে আমাদের চেতনা ভূলুণ্ঠিত হয়ে যায়। তাই শহীদ মিনারে ঘটে কলঙ্কিত নাটক। শহীদ মিনার হয়ে ওঠে জেগে ওঠা নতুন চরের মতো, যেখানে লাঠিয়ালের দৌরাত্ম্য। একুশে ফেব্রুয়ারির চেতনা যাতে জনগণের মধ্যে জাগ্রত না থাকে সে জন্যই বুঝি আজও এই শহীদদের নামে ঢাকার কোনো প্রধান সড়কের নাম নেই। দিল্লির লোকসভার সামনে রাস্তা গান্ধীর নিহত দিনের তারিখে উত্কীর্ণ সরণি। আমরা কি একুশে ফেব্রুয়ারি নামে কোনো সড়কের নাম রাখতে পারতাম না? আমি শহীদ মিনারে যাই না। যাওয়া মানে হূদয়ে রক্তক্ষরণ। যে জন্য শহীদেরা তাঁদের জীবন উত্সর্গ করেছেন, সেই সংগ্রামী চেতনা আমি, আমরা কি এখনো সমুন্নত রাখতে পেরেছি? পারিনি। যত দিন না পারব, তত দিন একুশে ফেব্রুয়ারি একটি আড়ম্বরপূর্ণ উত্সব ছাড়া আর কিছু নয়। আবার অগ্নিমন্ত্রে উত্সর্গীত আত্মার প্রয়োজন। তবেই হবে অন্বেষিত একুশে ফেব্রুয়ারির চেতনার পুনরুত্থান। তারই প্রতীক্ষায় তীর্থ কাকের মতো রয়েছি, আমি একজন পলাতক, কাপুরুষ। তাই ভাষাসৈনিক আমাকে বললে নিজেকে অপরাধী মনে হয়। মনে হয়, তা হবে শহীদ ভাষাসৈনিকদের আত্মত্যাগের প্রতি অবজ্ঞা, অপমান।মুর্তজা বশীর: শিল্পী, ভাষাসৈনিক।