ছাত্রদের ভ্যাট দিতে হবে না, তবে বিক্ষোভ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বেতনের ওপর সাড়ে চার শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশসহ সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ বুধবার মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।আজ রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র-বেতনের ওপর ভ্যাট দিতে হবে না। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বিক্ষোভ, ভাঙচুর পরিহার করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দেন। শিক্ষামন্ত্রী আজ রাতে ঢাকা ক্লাবে একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেন। অর্থমন্ত্রী খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান। গতকাল মঙ্গলবার দিনভর বনানী ও মহাখালী এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাঁরা দেড় ঘণ্টারও বেশি সময় কাকলী সিগন্যালে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর আগে গত সোমবার শিক্ষার্থীরা বনানী ও মহাখালীতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে।চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে চার শতাংশ মূসক আরোপ করা হয়েছে। এর ফলে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের খরচ বেড়ে যাচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। এ কর প্রত্যাহারের দাবিতেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন।গতকাল মঙ্গলবার সকালে মহাখালী ও গুলশান এলাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। মহাখালী এলাকায় দুপুর ১২টা থেকে আধাঘণ্টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, প্রাইম, এশিয়া, এআইউইবি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তাঁরা কর্মসূচি পালন করেন।বিকেল তিনটার দিকে বনানীতে এআইইউবি ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের একপর্যায়ে তাঁরা রাস্তায় নেমে পড়েন। এ সময় বিমানবন্দর (ঢাকা-ময়মনসিংহ) সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে হাজার হাজার যানবাহন। বিকেল সাড়ে চারটার পর পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।মহাসড়ক থেকে সরে এসে শিক্ষার্থীরা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ ও বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশও বিপুল পরিমাণ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। প্রায় দুই ঘণ্টা এভাবে চলার পর সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার হাফিজ আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন ছাত্রকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।