ছাত্রনেতাদের বিলবোর্ড-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নকাজ শেষ না হতেই তার মাঝখানের জায়গা দখল করে বিলবোর্ডের ৪০টি খাম্বা পোঁতা হয়েছে। রাস্তা নির্মাণকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বা রাস্তা রক্ষণাবেক্ষণকারী চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নয়, এটা করেছে ক্ষমতাসীন দলের যুব ও ছাত্রসংগঠন যুবলীগ ও ছাত্রলীগ, আর প্রধান বিরোধী দল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪০টি বিলবোর্ড থেকে বছরে প্রায় দুই কোটি টাকা আয় হওয়ার কথা। বড় শহরে এটা সিটি করপোরেশনের রাজস্ব আয়ের অন্যতম উৎস। আবার পরিকল্পিত না হলে এর মাধ্যমে শহরের সৌন্দর্য বিনষ্ট হবে, দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়ে যানবাহনচালকদের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। সিডিএ সূত্র জানায়, নগরের মুরাদপুর থেকে গনি বেকারি মোড়, কদমতলী থেকে চৌমুহনী মোড় এবং দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত ব্যস্ততম তিনটি রাস্তা চওড়া করছে সিডিএ। পিচ ঢালাইয়ের পর রাস্তাগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। তখন সিটি করপোরেশন যদি মনে করে, তারা সেই রাস্তায় বিলবোর্ড স্থাপন করবে, তাহলে তারা নিজের খরচে নগরের সৌন্দর্য রক্ষা করে এবং পথচারী ও যানবাহনের চালকদের চলাচলের যাতে দুর্ঘটনার কারণ না ঘটে, সেভাবে নির্দিষ্ট মাপে খাম্বা স্থাপন করবে। তারপর তারা কোনো বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বা সরাসরি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে তা ভাড়া দেবে। সরেজমিনে দেখা গেছে, পাঠানটুলী থেকে চৌমুহনী মোড় পর্যন্ত ১০টি, অলংকার থেকে দেওয়ানহাট পর্যন্ত ২১টি এবং মুরাদপুর থেকে গনি বেকারি মোড় পর্যন্ত নয়টি খাম্বা বসানোর কাজ শেষ হয়েছে। সিটি করপোরেশনের প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন) আবুল মনসুর প্রথম আলোকে জানান, প্রতিটি বিলবোর্ডের আয়তন ৯০০ বর্গফুট। আর প্রতি বর্গফুট আলোকিত (রাতে বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়া) বিলবোর্ডের বার্ষিক ভাড়া ১০০ টাকা এবং আলোকিত ছাড়া ভাড়া ৫০ টাকা। সে হিসাবে একটি বিলবোর্ডের ভাড়া দাঁড়ায় বিদ্যুৎ সংযোগসহ ৯০ হাজার। আর বিদ্যুৎ ছাড়া বিলবোর্ডের ভাড়া ৪৫ হাজার টাকা। সে হিসাবে এই ৪০টি থেকে সিটি করপোরেশনের ভাড়া পাওয়ার কথা বিদ্যুৎ সংযোগসহ ৩৬ লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণত সিটি করপোরেশন থেকে ভাড়া নিয়ে বিজ্ঞাপনী সংস্থা সেই বিলবোর্ডটি আড়াই থেকে চার লাখ টাকায় ভাড়া দেয় পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের কাছে। সে হিসাবে এই ৪০টি বিলবোর্ড থেকে আয় হওয়ার কথা ন্যূনতম এক কোটি থেকে সর্বোচ্চ দেড় কোটি টাকা। জানতে চাইলে রাস্তা প্রশস্ত করার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘রাস্তা চওড়ার কাজ আমরা এখনো শেষ করিনি। সড়ক বিভাজনের (ডিভাইডার) কাজও চলছে। এর মধ্যে রাতের বেলায় ডিভাইডারে বিশালাকৃতির বিলবোর্ডের খাম্বা পোঁতা হচ্ছে।’বিলবোর্ড-বাণিজ্যে কারা: অনুসন্ধানে জানা গেছে, তিনটি রাস্তাই দখলে নিয়েছে নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ওরফে বাচ্চু ও নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরশেদুল আলম ওরফে বাচ্চু। আছে ছাত্রদল এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা পাড়ার প্রভাবশালী ব্যবসায়ী ও মাস্তানও। যুবলীগ নেতা মহিউদ্দিন বলেন, ‘তিনটি রাস্তায় আমার ১২-১৩টি খাম্বা পোঁতা হয়েছে। সিটি করপোরেশনের অনুমতি নিয়ে আমি এই কাজ করছি। তবে অনুমতির বাইরে এই তিনটি রাস্তায় আরও অনেক খাম্বা পোঁতার কাজ চলছে, যা অবৈধ। এটা করপোরেশনকে অনুসন্ধান করে দেখতে হবে।’ ছাত্রলীগের নেতা আরশেদুল আলম বলেন, ‘দেওয়ানহাট থেকে অলংকার এবং মুরাদপুর থেকে গনি বেকারি মোড় পর্যন্ত আমি পাঁচ-সাতটি খাম্বা পুঁতেছি। এ কাজে অনেক আগেই করপোরেশন থেকে আমার অনুমতি নেওয়া আছে।’ নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের বিলবোর্ডের ব্যবসা ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের যৌথ প্রযোজনায় হলেও হতে পারে। তবে ছাত্রদলের নাম ভাঙিয়ে যারা এই ব্যবসা করে আসছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিনও বলেন, ‘সংগঠনের পদ ব্যবহার করে ছাত্রলীগ বিলবোর্ডের ব্যবসা করে না। রাতের বেলায় বিলবোর্ডের খাম্বা বসানোর সঙ্গে সিটি করপোরেশনের লোকজনই জড়িত থাকতে পারে। ছাত্রলীগ অন্ধকারে কোনো কাজ করেনি। নিয়ম মেনেই সবকিছু করে।’ তবে সিটি করপোরেশনের প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন) আবুল মনসুর বলেন, ‘সিডিএর অধীনে থাকা তিনটি রাস্তায় রাতের বেলায় বিলবোর্ডের খাম্বা বসানো হচ্ছে। কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা এসব করছেন। আমরা সিডিএর কাছে চিঠি দিয়ে খাম্বাগুলো সরিয়ে দিতে বলেছি।’বিলবোর্ড মালিক অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ফরিদ মাহমুদ বলেন, রাস্তার উন্নয়নকাজই এখনো শেষ হয়নি। সিটি করপোরেশনের কাছে রাস্তা হস্তান্তর করার আগে এই বিলবোর্ড পোঁতার কাজ সম্পূর্ণ অবৈধ।