ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজে আজ রোববার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। এ সময় ছাত্রলীগের কর্মীদের ছুরিকাঘাত ও মারধরে ছাত্রফ্রন্টের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রফ্রন্ট সূত্রের বর্ণনামতে, কনোকোফিলিপসের সঙ্গে পেট্রোবাংলা তথা সরকারের উত্পাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) বাতিলসহ গ্যাস, বিদ্যুত্-সমস্যা দ্রুত সমাধানের দাবিতে ছাত্রফ্রন্টের ওই কলেজ শাখা বেলা ১১টায় কলেজ চত্বরে ছাত্র সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠান শুরুর পর দুপুর ১২টার দিকে কলেজ কর্তৃপক্ষ সমাবেশে মাইক বাজাতে নিষেধ করে।প্রত্যক্ষদর্শী ছাত্ররা বলেন, একপর্যায়ে কলেজের অধ্যক্ষ সমাবেশস্থলে এসে মাইক বন্ধ করার কথা বলে চলে যান।অধ্যক্ষ চলে যাওয়ার পর ছাত্রলীগের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে ছাত্রফ্রন্ট একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। উপস্থিত নেতাদের মারধর ও ছুরিকাঘাতও করা হয়। এতে কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন।ছুরিকাঘাতে জেলা বাসদের সাধারণ সম্পাদক শীতল সাহা এবং ছাত্রফ্রন্টের কলেজ শাখার অর্থবিষয়ক সম্পাদক পলাশ কর্মকার আহত হন।এ ব্যাপারে ছাত্রফ্রন্ট কলেজ শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল নওশাদ বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিনা কারণে তাঁদের অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও তাঁদের নেতা-কর্মীদের মারধর করেছেন।ছাত্রলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা প্রথমে তাঁদের দুজন কর্মীকে মারধর করেন। পরে তাঁদের কর্মীরা তা প্রতিহত করেছেন। তাঁদের কর্মীদের হামলায় ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা আহত হননি। তাঁদের সঙ্গে গোলমালের সুযোগ নিয়ে অন্যরা এসব করেছে।কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছালামত উল্লা¬হ বলেন, ছাত্রফ্রন্টের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ছিল না। কারণ কলেজে তখন মৌখিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা চলছিল। মাইক বন্ধ করে দিয়ে আসার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। সেখানে ছাত্রলীগ সম্পর্কে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এরই একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। তাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে কি না, তা তিনি জানেন না।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি।