ছাত্ররা বাণিজ্য মেলায় গাড়ি ভাঙচুর করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাতে ইটপাটকেল ছুড়ে বাণিজ্য মেলার প্রধান ফটকের কাছে পার্কিং করা প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর করেছেন। বাণিজ্য মেলার মাঠে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ দুই ছাত্রকে আটক করার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রসংলগ্ন বাণিজ্য মেলার মাঠে কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এক নারীকে উত্ত্যক্ত করেন। এ সময় পুলিশ দুই ছাত্র জসিমউদ্দিন ও মোস্তফা কামালকে আটক করে মেলার বাইরে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতর থেকে বাণিজ্য মেলার এক নম্বর ফটকের সামনে অবস্থানরত পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে মারেন। ইটের আঘাতে মেলার ফটকের কাছে পার্কিং করা অর্ধশত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মেলায় আসা নারী-পুরুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ে জন্য ছোটাছুটি করে। প্রায় আধ ঘণ্টা এ অবস্থা চলার পর বিপুলসংখ্যক পুলিশ একত্র হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। এ নিয়ে ছাত্র ও পুলিশের মধ্যে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা তাঁদের আবাসিক হলে আশ্রয় নেন। এরপর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।