ছাত্ররা ভেঙে দিল ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। বাংলাদেশের ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করে। আগামী একুশে ফেব্রুয়ারি সেই জায়গায়, সেই সময়ে পুনরায় রচনা করা হবে সেই নিয়তি-নির্ধারণী ৩০ মিনিট। ঐতিহাসিক সেই সময়টি বুঝে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন।]আইন ভাঙার পরিকল্পনায় এমন একটা অতর্কিত ভাব ছিল যে অনেকে ভালো করে বুঝতে পারল না কী করতে হবে। আগের রাতে যাদের মধ্যে আইন ভাঙার ব্যাপারে একটু ইতস্তত ভাব ছিল, দেখলাম, তাদের সেই দোটানা ভাব কখন কেটে গেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছাড়বে বলে অনেকে রুমাল ভিজিয়ে নিল। ভিড়ের মধ্যে আমিও আমার রুমালটা ভিজিয়ে নিলাম। তার জন্য মনে কেমন যেন একটা লজ্জা হচ্ছিল।প্রক্টরের গেটের কাছে ক্রমশ ভিড় জমেছে, কিন্তু রাস্তায় বের হওয়ার কারও কোনো উত্সাহ দেখা যাচ্ছে না। চারদিকে একটা বিশৃঙ্খলার ভাব। কেউ কারও কথা শুনছে বলে মনে হচ্ছে না। আমি দেখলাম, আমাদের আগের দিনের পরিকল্পনা প্রায় ভেস্তে যাওয়ার জোগাড়। হঠাত্ আমার মনে হলো, আমরা কয়েকজন যদি গেটের বাইরে গিয়ে ১৪৪ ধারা ভাঙি, তবে কেমন হয়! আমাকে ১৪৪ ধারা ভাঙতে হবে এমন কোনো পূর্বসিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আমার মনে নেই। আমি যেহেতু আগের দিন ১৪৪ ধারা ভাঙার ওপর জোর দিই, সে জন্য বন্ধুদের একটা প্রত্যাশা ছিল যে আমি প্রথম ১৪৪ ধারা ভাঙার জন্য এগিয়ে যাব। যাঁরা ১৪৪ ধারা ভাঙার জন্য এগিয়ে এলেন, মুহম্মদ সুলতান তাঁদের নাম লিখে নিল। আমি তাকে বললাম, ‘তুই আমার পঙ্খীরাজটা (সাইকেল) দেখিস, আমি চললাম।’ গলা ফাটিয়ে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিতে দিতে এগিয়ে গেলাম কয়েকজনকে সঙ্গে করে। তখন বেলা সোয়া একটা। উত্তেজনায় সারা গা থেকে তখন আগুনের ভাপ বের হচ্ছে। প্রথমে পুলিশ আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরে রাস্তার এক ধারে ঘেরাও করে রাখে।আর্টস বিল্ডিংয়ের ওপরের দিকে একঝলক তাকিয়ে দেখলাম, আমার দু-একজন ঘনিষ্ঠ বন্ধু দোতলা থেকে আমাদের লক্ষ করছেন। আমরা এগিয়ে যাওয়ার পর অন্য ছাত্ররা গেট পার হয়ে রাস্তায় নামতে শুরু করল...।মুহাম্মদ হাবিবুর রহমান: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, ভাষাসংগ্রামী।সূত্র: একুশের সংকলন ’৮০: স্মৃতিচারণ, বাংলা একাডেমী