ছাত্ররাই ছাত্রদল চালাবে, বয়স্করা যাবে মূল দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ছাত্রদের দিয়েই ছাত্রদল চালানো হবে। ভবিষ্যতের সব কমিটিতে শুধু ছাত্রদেরই রাখা হবে। বয়স্করা যাবেন বিএনপি ও যুবদলে। তিনি আগামী তিন মাসের মধ্যে ছাত্রদলের একটি স্থায়ী গঠনতন্ত্র করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যায়িত করে খালেদা জিয়া আন্দোলনে প্রস্তুত হওয়ার জন্যও ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়া রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার সংগঠনটির বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছিলেন।দেশের প্রধান দুই দলের সমর্থিত ছাত্রসংগঠনেই বহুদিন আগে ছাত্রত্ব শেষ হওয়া বা পদের জন্য ছাত্রত্ব আঁকড়ে রাখা বহু নেতা রয়েছেন। সভায় বিএনপির নেত্রীর কাছে দুর্নীতিবাজ, অছাত্র, শিবির ও বিএনপি নেতাদের প্রভাবমুক্ত পূর্ণাঙ্গ কমিটির দাবি জানিয়েছেন ছাত্রদলের তৃণমূল নেতারা। ক্ষুব্ধ এ নেতারা ছাত্রদল নিয়ে তাঁদের নানান অভিযোগ ও ক্ষোভের কথা তুলে ধরেন। বর্ধিত সভার উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার কথা তুলে ধরে ছাত্রদলকে সাহসী ভূমিকা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।সভার দ্বিতীয় অধিবেশনে বিকেলে ছাত্রদল নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। বর্ধিত সভায় সংগঠনের সারা দেশের ৮৫টি ইউনিটের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর মধ্যে ৬৭টি ইউনিটের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।গতকালের বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, ক্ষুব্ধ তৃণমূল নেতারা নানা বিষয়ে খালেদা জিয়ার কাছে তাঁদের অভিযোগ, নানা লাঞ্ছনা-বঞ্চনা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তাঁরা এক-এগারো-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি, নবম জাতীয় নির্বাচনের ফল বিপর্যয়, চারদলীয় জোটের শরিক দলের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন। খালেদা জিয়া তাঁদের অভিযোগগুলো মন দিয়ে শোনেন এবং নোট নেন। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন। খালেদা জিয়া ছাত্রদলের নেতাদের বিএনপির নেতাদের পরামর্শ না শোনার আহ্বান জানিয়ে বলেন, ‘সংগঠনের নেতাদের কথাই শুনবে ও সে অনুযায়ী কাজ করবে। কোনো বিএনপি নেতার পকেটে যাবে না।’ বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাঁকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তিনি দেশের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। কেননা, তাঁর ভাষায় তাঁকে একটি চোরের খনি নিয়ে কাজ শুরু করতে হয়েছিল।’সভায় জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান জিলানী বলেন, ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে ইউনিয়ন পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে কমিটি পুনর্গঠন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।চট্টগ্রাম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সারোয়ার উদ্দিন সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, বয়স্ক ও অছাত্রদের হাতে সংগঠনের নেতৃত্ব দেওয়ায় তাঁরা দুর্নীতিসহ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ বলেন, শিবিরের কর্মসূচিতে ছাত্রদলের অংশ নেওয়া ঠিক হবে না। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সিজার বলেন, ছাত্রদল চলছে অনেকটাই হাওয়ার ওপরে। নেই সুস্পষ্ট গঠনতন্ত্র, যা আছে তারও নেই কার্যকর প্রয়োগ। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে ছাত্রদলের সর্বশেষ প্রতিনিধি সভা হয়। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে ছাত্রদলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং কথিত বঞ্চিতদের হাতে নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।