ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কাম্য নয়: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি ও বিভিন্ন দলের নামে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তা কোনোভাবেই কাম্য নয়। তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চিন্তা-চেতনার পরিবর্তনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।আজ শনিবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এ সব কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ছাত্ররাজনীতির সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে হলে শিক্ষার্থীদের ঠিকাদারি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে ফিরে আসতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবসমাজকেই এর দায়িত্ব নিতে হবে।’অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।