আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রায় সাড়ে তিন বছরের শাসনামলে ছাত্ররাজনীতির শিকার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার ছাত্র খুন হয়েছেন। এর মধ্যে ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ নাসিমকে খুন করেন সংগঠনের অপর পক্ষের কর্মীরা। ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মৃত্যু হয় ইসলামী ছাত্রশিবিরের বর্বর হামলায়। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে মারা গেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী।সর্বশেষ গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে গতকাল সোমবার প্রাণ হারান ছাত্রলীগের কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাসান সোহেল রানা। এ নিয়ে স্বাধীনতা-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষে ২৭ ছাত্র খুন হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রনেতাদের সঙ্গে কথা জানা গেছে। এতগুলো হত্যাকাণ্ড ঘটলেও একটিরও বিচার হয়নি। এতে খুনিরা আরও বেপরোয়া হচ্ছে বলে মনে করেন শিক্ষকেরা।২০০৯ থেকেই শুরু: ২০০৯ সালের জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর তিন মাসের মাথায় ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত হন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। পরের বছর ২০১০ সালে ছাত্রলীগের দুই কর্মী খুন হন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওঠা নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন নির্মমভাবে খুন হন। আহত হন পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী। ওই রাতে ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেন ছাত্রশিবিরের ক্যাডাররা। ওই বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলাকালে নাসরুল্লাহকে মারধর ও ছুরিকাঘাত করে হলের দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। নয় দিন পর ২৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।মামলা হয়, বিচার হয় না: শরীফুজ্জামান হত্যাকাণ্ডের পরের দিন ২০০৯ সালের ১৪ মার্চ ছাত্রশিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম বাদী হয়ে ছাত্রলীগের ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে একাধিকবার। শরিফুজ্জামানের বাবা হাবিবুল্লাহ বলেন, ‘দিনে প্রকাশ্যে কুপিয়ে শরিফুজ্জামানকে হত্যা করা হয়। অথচ এখন পর্যন্ত অভিযোগপত্রই দাখিল করতে পারেনি পুলিশ।’ তিনি অবিলম্বে ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন।ফারুক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে ছাত্রশিবিরের ৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। মতিহার থানা সূত্রে জানা গেছে, মামলার ৩৫ জন আসামির মধ্যে ২৫ জন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। একজন মারা গেছেন এবং চারজন পলাতক। এ পর্যন্ত তিনবার মামলার তদন্ত কর্মকর্তা বদল হলেও কেউই অভিযোগপত্র দেননি।মামলার বাদী মাজেদুল ইসলাম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ওই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবাই সুবিচারের আশ্বাস দেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার অভিযোগপত্র দেয়নি। এখন এই মামলা নিয়ে রাজনৈতিক খেলা চলছে। আসামিরা মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে।’সন্তান হত্যার বিচার না পেয়ে ফারুকের মা হাসনা বেগমও হতাশ। তিনি বলেন, ‘ফারুক হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত বিচার পেলাম না।’নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পরের দিন এসএম হলের আবাসিক শিক্ষার্থী ও তাঁর বন্ধু আজম আলী বাদী হয়ে ছাত্রলীগের নয় কর্মীকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায়ও অভিযোগপত্র দেয়নি পুলিশ।রাজনৈতিক একটি মহল বিচারকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন নাসরুল্লাহর বাবা মোসলেম উদ্দিন। তিনি বলেন, ‘আমি ছেলে হারিয়েছি। এখন কি ছেলে হত্যার বিচারটাও পাব না?’অন্য হত্যাকাণ্ডেরও বিচার হয়নি: বিএনপি ক্ষমতায় থাকাকালে ১৯৯২ সালের ১৭ মার্চ ছাত্রশিবিরের ক্যাডারদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাসদ ছাত্রলীগের তৎকালীন কর্মী ইয়াসির আরাফাত। ওই সময় জাসদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন আইয়ুব আলী খান। তিনি বলেন, ‘ওই ঘটনায় দায়ের করা মামলাটি পরে খারিজ হয়ে যায়। তাই ওই হত্যাকাণ্ডের আর কোনো বিচার হয়নি।’ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৯১ থেকে ১৯৯৬ সময়ে শিবিরের হাতে ছাত্রদল ও অন্যান্য সংগঠনের সাতজন নেতা মারা যান। কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি।’ ২০০৪ সালের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের হামলায় নিহত হন শিবিরকর্মী সাইফুদ্দিন। ওই ঘটনায়ও কারও বিচার হয়নি। বিশ্ববিদ্যালয় বলেই বিচার হয় না!: ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এসব হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ায় এবং এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত থাকায় শেষ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দায়ের করা সবগুলো হত্যা মামলাই বিগত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারে আমলে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। প্রায় ৩০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষকতা করছেন খ্যাতিমান নাট্যকার মলয় ভৌমিক। প্রথম আলোকে তিনি বলেন, ‘১৯৭৪ সালে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম। এরপর শিক্ষকতা। বিশ্ববিদ্যালয়ে আমার ৩৫-৩৬ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। ঠিকমতো বিচার চাওয়াও হয়নি। বরং লাশের রাজনীতি হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এম শাহ নওয়াজ আলী বলেন, ‘হত্যার বিচার না হলে পরবর্তী সময়ে হত্যাকারীরা আরও উৎসাহী হয়। তাই বিচার হওয়া জরুরি।’বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ বলেন, ‘কোনো একটি হত্যাকাণ্ডের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। আর হত্যার বিচার করতে পারেন আদালত। সে ক্ষেত্রে মামলা, পুলিশের তদন্ত, সাক্ষ্যপ্রমাণ সব লাগে। কিন্তু শেষ পর্যন্ত এসব না হওয়ার কারণেই হয়তো বিচার হয় না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের খুব বেশি করণীয় থাকে না।’মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমি আগের ঘটনা জানি না। তবে যতটুকু জানতে পেরেছি, হত্যা মামলাগুলোর তদন্ত কর্মকর্তা বারবার বদল হয়েছে। তদন্ত শেষ হলেই সব হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়া হবে।’