ছাত্ররাজনীতির পুঁজি আবাসন সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যেকোনো কর্মসূচিতে এখন হাজারেরও বেশি নেতা-কর্মী দেখা যায়। অথচ বছর কয়েক আগে আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে ছিল, তখন তাদের কর্মসূচিতে মাত্র ৫০ থেকে ১০০ নেতা-কর্মী থাকত। এখন উল্টো অবস্থা ছাত্রদলে। গত সরকারের আমলে ক্যাম্পাসে ছিল ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী। এখন তাদের কর্মী সংকট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ অবস্থার পেছনে আছে হলের নিয়ন্ত্রণ। হলগুলো এখন নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ। ক্যাম্পাসে সংগঠনটির মূল শক্তি প্রথম-দ্বিতীয় বর্ষের ছাত্ররা। হলে উঠলে ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে হয়—সে হিসেবে গত জাতীয় সংসদ নির্বাচনের পর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হলে উঠেছেন তাঁদের সবাই ছাত্রলীগের কর্মী। বিএনপির আমলে ছিল ঠিক এর উল্টো অবস্থা।ছাত্রনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছাত্রদল, পরের পাঁচ বছর ছাত্রলীগ, এরপর আবার ছাত্রদল এবং বর্তমানে ছাত্রলীগ ক্যাম্পাসে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে কাজে লাগিয়ে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক ছাত্র হলে মোট সাত হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা আছে। কর্তৃপক্ষ প্রতি আসনের বিপরীতে দুজন (আবাসিক, দ্বৈতাবাসিক) করে মোট ১৪ হাজার ৭৯০ জনকে থাকার অনুমতি দিতে পারে।কর্তৃপক্ষের হিসাবে, ২০০৯-১০ শিক্ষাবর্ষে ১২টি হলে থাকার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন ১২ হাজার ১৮৭ জন শিক্ষার্থী। কিন্তু বাস্তবে থাকছেন প্রায় ১৭ হাজার ছাত্র। বাকি প্রায় পাঁচ হাজার ছাত্র হলগুলোতে থাকছেন ‘রাজনৈতিক আশ্রয়ে’। তাঁদের বেশির ভাগ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা যায়, আবাসনের সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে হলে সিট বরাদ্দ দিতে পারে না। বাধ্য হয়ে নতুন শিক্ষার্থীরা হলে ওঠেন ছাত্র সংগঠনের নেতাদের মাধ্যমে। বিনিময়ে তাঁদের ওই সংগঠনের দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে হয়। কেউ কেউ অবশ্য স্বেচ্ছায় অংশ নেন। তবে বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন ছাত্র সংগঠনের নেতারা। তাঁদের মতে, সংগঠনগুলো ছাত্রদের হলে উঠতে সহায়তা করে। তাই ছাত্ররা ওই সংগঠনের প্রতি আকৃষ্ট হয়।হলে ওঠাতে হয় যেভাবে: কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান জানান, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া হয়। আবাসন সংকট তীব্র হওয়ায় প্রথম-দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয় না।কিন্তু বাস্তবতা ভিন্ন। শিক্ষার্থীদের ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হল কর্তৃপক্ষ সিট বরাদ্দ দেয় কাগজে-কলমে। কোন কক্ষের কোন সিটে কে থাকবেন, তা নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন দলের অনুসারী ছাত্র সংগঠনের নেতারা। শর্ত সাপেক্ষে তাঁরাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে তোলেন।এখন হলে উঠতে হলে যোগাযোগ করতে হয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগ করতে হতো ছাত্রদলের নেতাদের সঙ্গে। তাঁরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ‘গণ-রুম’ বা ‘পলিটিক্যাল রুমে’ গাদাগাদি করে জায়গা করে দেন। ছাত্ররা জানান, ‘গণ-রুম’ বা ‘পলিটিক্যাল রুম’ হচ্ছে এমন কক্ষ, যেখানে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি ছাত্রকে থাকতে হয়। এ ধরনের গণ-রুমে চারজনের একটি কক্ষে থাকেন ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী। গণ-রুমে জায়গা দেওয়া হয় শর্ত সাপেক্ষে। ইচ্ছা থাক বা না থাক, হলে ওঠা ছাত্রদের ছাত্রলীগের দলীয় কাজ-কর্ম যেমন মিছিল-সমাবেশে নিয়মিত অংশ নিতে হয়। তবে অনেক ছাত্র স্বেচ্ছায়ও এসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন।ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, হলে উঠতে হলে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে—এটি যেমন ঠিক, আবার এটিও ঠিক যে ছাত্র সংগঠন সক্রিয় না থাকলে প্রথম বর্ষের ছাত্ররা হলে উঠতে পারবে না। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রথম বর্ষের ছাত্ররা হলে উঠতে পারেনি বললেই চলে। কারণ, ওই সময় হলগুলোতে কোনো ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ ছিল না। হল কর্তৃপক্ষ সব নিয়ন্ত্রণ করত।ছাত্রনেতারা যা বলেন: ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রথম আলো অনলাইনকে বলেন, আবাসন সংকটের কারণে প্রথম-দ্বিতীয় বর্ষের ছাত্ররা সাধারণত হলে উঠতে পারে না। হল কর্তৃপক্ষের মাধ্যমে হলে ওঠার ব্যবস্থা থাকলে হয়তো ছাত্ররা ছাত্রনেতা বা পরিচিত বড় ভাইদের কাছে যেতেন না। এটা না হওয়ায় তাঁরা ছাত্রনেতাদের কাছে যান। তাঁরা হলে ওঠার ক্ষেত্রে নবাগতদের সহায়তা করেন। তবে তিনি দাবি করেন, তাঁরা কাউকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করেন না। তাঁদের দেখে বা ভালোবাসা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী হন।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক (চারদলীয় জোট সরকারের সময়কার) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ বিষয়ে প্রথম আলো অনলাইনকে বলেন, হল কর্তৃপক্ষ প্রথম বর্ষের ছাত্রদের হলে সিট দিতে পারে না। ছাত্র সংগঠনগুলো ছাত্রদের হলে তোলে। ফলে যে সংগঠন ছাত্রদের হলে তোলে সে সংগঠনের প্রতি ওই ছাত্রদের কিছুটা দুর্বলতা সৃষ্টি হওয়া স্বাভাবিক। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয় এটিও তিনি স্বীকার করেন।কর্তৃপক্ষের বক্তব্য: এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের হলে তোলা এবং তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করার বিষয়টিকে ‘অপসংস্কৃতি’ আখ্যা দেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে এ অপসংস্কৃতি চলে আসছে। এটা একেবারেই অন্যায় ও অগ্রহণযোগ্য পন্থা। এটি যাতে না হয় সে জন্য হল প্রশাসনকে শক্ত অবস্থান নিতে বলা হয়েছে। ব্রিটেনের উদাহরণ টেনে তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগে হলে সিট দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কিন্তু সেখানেও কিছু সমস্যা আছে বলে তিনি উল্লেখ করেন।