ছাত্রলীগ এবার পেটাল অটোরিকশার চালকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ওপর আজ শুক্রবার দুই দফা হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে অটোরিকশার চালক নুরুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) কর্মী রবিউল ও শাফায়েতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা নিজেদের সঙ্গে থাকা লোহার রড দিয়ে নুরুল ইসলামকে পেটান। এ সময় আশপাশে থাকা অন্য অটোরিকশার চালকেরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে ধরে রেলক্রসিং এলাকায় নিয়ে যান। বিক্ষুব্ধ চালকেরা সড়কে যান চলাচলও বন্ধ করে দেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চালকদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। ছাত্রলীগের ওই দুই নেতাকে উদ্ধার করে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে লোহার রড উদ্ধার করে পুলিশ।এদিকে দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শাহজালাল হল থেকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী রড ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মাজার গেটের দিকে যেতে থাকেন। সেখানে তাঁরা মো. হাসান নামের এক অটোরিকশার চালককে একা পেয়ে বেধড়ক পেটান। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ টাকা ছাত্রলীগের কর্মীরা ছিনিয়ে নেন বলে মো. হাসান অভিযোগ করেছেন।এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ফিরে আসেন। পরে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নেন। পুলিশ ও সহকারী প্রক্টররা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।অটোরিকশার চালক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘নির্দিষ্ট ভাড়ার কম ভাড়া দিতে চাইলেও তাদের গন্তব্যে নিয়ে যেতে রাজি হই। কিন্তু তাদের ব্যাগে লোহার রড আছে জানতে পেরে ভয় পেয়ে যাই। এজন্য যেতে না চাইলে ব্যাগ থেকে লোহার রড বের করে আমাকে মারধর করে।’ এ সময় মুঠোফোনটিও ছিনিয়ে নেওয়া হয় বলে নুরুল ইসলাম অভিযোগ করেন।এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। গ্রামবাসীদের বুঝিয়ে সমস্যার সমাধান করা হয়েছে।’প্রক্টর সিরাজ উদ্দৌলাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। স্থানীয় এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বলেছি শনিবার (কাল) লিখিত অভিযোগ দিতে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’