রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একপক্ষের সমর্থককে অন্যপক্ষের সদস্যরা দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় গতকাল রোববার রাতে মামলা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক নাসরুল্লাহ নাসিমকে সভাপতি আওয়াল কবিরের সমর্থকেরা দোতলা থেকে ফেলে দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মতিহার থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসিমের ওপর হামলার ঘটনায় সাধারণ সম্পাদক-সমর্থিত কর্মী আলী বাদী হয়ে গতকাল রাতেই নগরে মতিহার থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—জাহিদ হোসেন, লুৎফর রহমান, জহিরুল ইসলাম, তৌফিক, রুহুল আমিন, মশিউর রহমান ও সাঈদ আক্তার।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসঙ্গত, শোক দিবসে রাতের খাবারের জন্য অতিরিক্ত টোকেন সংগ্রহকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সমর্থকদের কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মখদুম (এসএম) হলের নাসরুল্লাহ নাসিমকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়।