ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত!
যশোর সরকারি এম এম (মাইকেল মধুসূদন) কলেজে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ওই কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুজন মিয়া। ছাত্রলীগের কর্মীরা যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমানের অনুসারী বলে জানা গেছে।আজ শনিবার দুপুর দেড়টার দিকে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকদের কক্ষে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্বাস আলী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ দুপুরে শিক্ষকদের কক্ষে বসে আমরা কাজ করছিলাম। এ সময় বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী রাসেলের নেতৃত্বে কয়েকজন ছাত্র ওই কক্ষে ঢুকে সুজন মিয়ার হাত ধরে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সুজন মিয়ার সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় কক্ষের চেয়ার-টেবিল এলোমেলো হয়ে যায় এবং টেবিলের ওপর রাখা কাচ ভেঙে যায়। পরে আমরা কয়েকজন মিলে ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করে সুজন মিয়াকে উদ্ধার করি।’শিক্ষক সুজন মিয়া বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ওরা হঠাত্ কক্ষে ঢুকে আমাকে হানাহেঁচড়া শুরু করে। বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়েছে।’কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক প্রথম আলো অনলাইনকে জানান, গত শুক্রবার ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সুন্দরবনে শিক্ষাসফরে যায়। শিক্ষার্থীদের দেখভালের জন্য বিভাগের প্রভাষক সুজন মিয়াকে পাঠানো হয়। সেখানে সুজন মিয়া ঘোষণা দেন, যারা শিক্ষাসফরে এসেছে তাদের টিউটরিয়ালে বেশি নম্বর দেওয়া হবে। ওই ঘোষণার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।এ ব্যাপারে সাংসদ খালেদুর রহমান বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের হয়তো দেখলে চিনতে পারি। কিন্তু নামে তাদের চিনতে পারছি না।’কলেজ অধ্যক্ষ আরও জানিয়েছেন, ‘শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে বৈঠকে বসা হয়েছে। দিনের সময় শেষ হয়ে যাওয়ায় কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে এ বিষয়ে কাল শিক্ষক পরিষদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।’