ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী নুরুল আমিন ওরফে সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আজ রোববার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পরে তাঁরা কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের আজকের ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নুরুল বাংলা বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। এক ছাত্রীকে শারীরিকভাবে জখম ও লাঞ্ছিত করার দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী নুরুল আমিনকে গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তাঁর এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ করছে।প্রত্যক্ষদর্শী ছাত্র ও পুলিশ জানায়, ওই বিক্ষোভের ধারাবাহিকতায় আজ সকাল নয়টা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে সকাল ১০টার দিকে তাঁরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খান ও সদর (দক্ষিণ) থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিনের গাড়ি ভাঙচুর করেন। তাঁদের বাধার মুখে বিশ্ববিদ্যালয়ে আজ কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের আন্দোলনের কারণে পরীক্ষা-ক্লাস হচ্ছে না। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন বলেন, নুরুল আমিনের অপরাধ অনুযায়ী তাঁর সাজা বেশি হয়েছে। তাই তাঁরা আন্দোলন করছেন।